Anubrata Mondal: দিল্লি যাত্রায় বাধা, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় ৭ দিনের পুলিশি হেফাজত কেষ্টর
Anubrata Mondal: দিল্লি যাত্রায় বাধা, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় ৭ দিনের পুলিশি হেফাজত কেষ্টর
দিল্লি যাত্রা শেষ পর্যন্ত আটকানো গেল। তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টার মামলায় অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দুবরাজপুর কোর্ট। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে দুবরাজপুর থানায় রাখা হবে। ২৭ ডিসেম্বর ফের তাঁকে পেশ করা হবে আদালতে। প্রসঙ্গত উল্লেখ্য আদালতে জামিনের আর্জি জানাননি অনুব্রত মণ্ডল।

৭ দিনের পুলিশ হেফাজত অনুব্রতর
তৃণমূল কংগ্রেসকর্মী শিবঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দুবরাজপুর আদালত। দুবরাজপুর থানার লকআপেই রাখা হবে কেষ্টকে। গতকালই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন তৃণমূল কংগ্রেস কর্মী। সেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে পুলিশ। মঙ্গলবার সকালে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে দুবরাজপুর কোর্টে নিয়ে যাওয়া হয়। ৫টি গাড়ির কনভয় ছিল তাঁর সঙ্গে। আদালতে জামিনের আর্জিও জানাননি অনুব্রত মণ্ডল।

অনুব্রতকে দেখার ভিড়
অনুব্রত মণ্ডলকে দেখার জন্য দুবরাজপুর আদালত চত্ত্বরে ভিড় করেছিলেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। হাজির হয়েছিলেন একাধিক তৃণমূল কাউন্সিলরও। ফুলের তোড়া নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখতে আদালত চত্ত্বরে হাজির হয়েছিলেন এক কাউন্সিলর। আজ থেকে দুবরাজপুরের থানায় থাকবেন তিনি। সেখানেই কেষ্টর থাকার সব বন্দোবস্ত করা হয়েছে।

কেষ্টর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ
দুবরাজপুরের বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী শিব ঠাকুর মণ্ডল গতকাল দুবরাজপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানিয়েছিলেন, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে দল বদলের কথা ভাবছিলেন তিনি। সেটা জানতে পেরে অনুব্রত মণ্ডল তাঁকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠান এবং তাঁকে মারধর করেন এবং গলটিপে ধরেন। এতদিন তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস হয়নি। এখন কেষ্ট জেলে রয়েছেন সেকারণেই তিনি সাহস দেখিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন।

আটকে গেল দিল্লি যাত্রা
আপাতত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। গতকাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইডিকে অনুমতি দিয়েছে। আজ ইডি আসানসোল সংশোধনাগারে আসার আগেই দুবরাজপুর থানার পুলিশ পৌঁছে যায় । তাঁকে আগামী সাতদিন দুবরাজপুর থানায় থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। আগামী ২৭ ডিসেম্বর ফের তাঁকে আদালতে পেশ করা হবে। কেষ্টর দিল্লি যাওয়া আটকাতেই পরিকল্পনা করে এই মামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির।












Click it and Unblock the Notifications