বাংলাদেশের সাংসদ খুনের তদন্তে সিআইডি, নিউটাউনে উদ্ধার একটি গাড়ি
বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমের খুনে রহস্য কি আরও ঘনীভূত? পুলিশ কোনও কথা বলছে না। তেমন কোনও তথ্যই সামনে আসছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত সিআইডি ঘটনার তদন্তে নেমেছে।
বাংলাদেশ সাংসদ খুনের ঘটনায় উদ্ধার হয়েছে একটি প্রাইভেট চার চাকা গাড়ি। গাড়ির নম্বর WB18 AA 5473। এই গাড়ির মালিকের নাম, ঠিকানাও পাওয়া গিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

নিউটাউন এলাকার একটি বিলাসবহুল আবাসনে গিয়েছিলেন বাংলাদেশের ওই সাংসদ। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পুলিশ এ দিন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে থাকে। তখনই এই গাড়িকে লক্ষ্য করা হয়।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করা হয়। এরপরই গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। গাড়িটিকে নিয়ে যাওয়া হয় নিউটাউন থানায়।
উদ্ধার হওয়া গাড়ি থেকে ফরেনসিক বিশেষজ্ঞ এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছে।
বাংলাদেশের সাংসদের দেহ কোথায়? সেই বিষয়েও কোনও তথ্য জানা যাচ্ছে না। চলতি মাসের ১২ তারিখ বাংলাদেশ থেকে কলকাতা এসেছিলেন তিনি৷ বরাহনগর এলাকার এক বাসিন্দার বাড়িতে তিনি উঠেছিলেন। ১৪ তারিখ তিনি বেরিয়েছিলেন৷ রাতে ফিরবেন বলে বেরোলেও আর আসেননি৷
সেই থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মোবাইল ফোনও বন্ধ ছিল। চিকিৎসা করাতে এসে তিনি নিউটাউনের ওই বিলাসবহুল আবাসনে কেন গিয়েছিলেন? সেই প্রশ্নও উঠছে। এর আগে এক মহিলার কথা শোনা গিয়েছিল। এছাড়াও আরও কয়েক জনের উপস্থিতির কথাও কানে এসেছে৷
কারা তারা? খুনের সঙ্গে কি তাদের কোনও সম্পর্ক আছে? নিউটাউনের ওই আবাসনে সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী তদন্তে এদিন গিয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি জানিয়েছেন, কলকাতায় সাংসদকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।












Click it and Unblock the Notifications