কোভিড বিধি শিথিল হতেই একমাসেই ৭ লক্ষ মানুষের ভিড় হিমাচলে! পর্যটকের ঢেউয়ে হাসছে হিমাচল
কোভিড বিধি শিথিল হতেই একমাসেই ৭ লক্ষ মানুষের ভিড় হিমাচলে! পর্যটকের ঢেউয়ে হাসছে হিমাচল
ক্রমশ নিম্নমুখী কোভিডের দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ। এমতাবস্থায় দেশের ভিন্ন ভিন্ন রাজ্যে উঠে যাচ্ছে লকডাউন। অন্যদিকে বন্দিদশা থেকে মুক্তি পেয়েই ভ্রমণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন পর্যটক কেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। এদিকে গত জুন মাস থেকে কোভিডবিধির কড়াকড়ি শিথিল হয়েছে হিমাচলপ্রদেশে, আর এই একমাসেরও কম সময়ে পাহাড়ি রাজ্যে প্রায় ৬-৭ লক্ষ পর্যটকের সমাগম হয়েছে বলে খবর সূত্রের। শিমলা, মানালি, ধর্মশালা, ডালহৌসি, নরকান্দা সহ রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্র বাড়ছে ভিড়।

মন্দার জেরে গত বছর থেকেই কমেছে পর্যটক সমাগম
হিমাচল প্রদেশ পর্যটন বিভাগের পরিচালন অধিকর্তা অমিত কাশ্যপের মতে, "প্রশাসনের তরফে লকডাউন উঠে যেতেই পর্যটকের ঢল নেমেছে। এমনিতে যেখানে বার্ষিক ১.৩ কোটি পর্যটকের ভিড় হয়, সেখানে গত বছর মাত্র ৩২ লক্ষ পর্যটক দেখতে পেয়েছি আমরা।" কাশ্যপ আরও জানান, "এ বছর বর্ষা দেরিতে আসায় আবহাওয়া মনোরম। স্বভাবতই পর্যটকের ভিড় বাড়ছে। আর সকল কোভিড প্রটোকল মেনে এই ভিড় সামলানোর উদ্দেশে সকল হোটেল ব্যবসায়ী, ভ্রমণ আয়োজকদের সঙ্গে আমরা আলোচনা জারি রাখছি।"

পাহাড়ি রাস্তায় গাড়ির ভিড়
কোভিড আবহে পর্যটন শিল্প প্রায় ভেঙে পড়েছিল সমগ্র উত্তর ভারত জুড়ে। বর্তমানে লকডাউন উঠে যাওয়ার পরেই পাল্টে গেছে ছবি। হিমাচলের ধর্মশালা-মানালির রাস্তায় রাস্তায় এখন যানজট! দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত কমে এলেও চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ, তাই আগামী বান আছড়ে পড়ার আগেই হিমাচলে পাহাড়ের স্বাদ নিয়ে নিতে চান বহু বহু পর্যটক। খোলা বাতাসে শ্বাস নেওয়ার মধ্যেও যে দরকারি মাস্ক, তা কিন্তু মাথায় রাখছেন নাগরিকরা।

প্রায় দেড়বছর পর প্রকৃতির কাছাকাছি পর্যটকরা
টানা দেড়বছর গৃহবন্দি থাকার পর বর্তমানে পুনরায় ঘরের বাইরে নাগরিকরা। লকডাউনের একঘেঁয়েমি থেকে ছাড়া পেতেই একছুটে পাহাড়ে চলে যাচ্ছেন বহু পর্যটক। দিল্লির এক পর্যটক ঊষা শর্মা জানিয়েছেন, "গত দেড়বছর টানা বাড়িতে বসে অনলাইন ক্লাস করিয়েছি আমি। এর ফলে শুধু চোখ না, গোটা শরীর সহ মনের উপরেও মারাত্মক প্রভাব পড়ে। হিমাচলে এসে সেই সকল ক্লান্তি যেন কেটে গেছে এক ধাক্কায়!" হঠাৎ এহেন ভিড় দেখে খুশি হলেও শারীরিক দূরত্ব বজায় না থাকার দরুণ আতঙ্কিত অনেকেই, জানাচ্ছেন হিমাচলের দোকানি সহ স্থানীয়রা।

চালু হল টয়ট্রেন
পাহাড়ের বুক চিরে আস্তে আস্তে এগিয়ে চলেছে ছোট্ট টয়ট্রেন, এহেন স্মৃতি তলিয়ে গিয়েছিল গত দু' বছরের বিস্মৃতির অতলে। পুরনোদিনের মতোই পুনরায় টয়ট্রেন চালু হতেই বাড়ছে ভিড়। কালকা থেকে সোজা শিমলাতে টয়ট্রেনে চেপে পৌঁছান পর্যটক নিধি বাসু। নিধির উচ্ছাস ধরা পড়েছে তাঁর বক্তব্যেই। নিধি জানান, "বাড়িতে উষ্ণতা ৪০ ডিগ্রির কাছাকাছি, আর এখানকার আবহাওয়া কী মনোরম। মনে হচ্ছে গত দু'বছরের পাপ যেন ধুয়ে গেল এক লহমায়।" হিমাচল প্রদেশ প্রশাসনের সূত্রে জানা যায়, বার্ষিক গড়ে প্রায় ১১,০০০ কোটি টাকা আয় হয় শুধুমাত্র পর্যটন শিল্প মারফত।












Click it and Unblock the Notifications