বাংলা সিনেমার গল্প নকলের অভিযোগ! ব্যাপক ট্রোলের মুখে মিঠাই
সময়টা বোধহয় সত্যিই খুব একটা ভালো যাচ্ছেনা মিঠাই রানির। একেই তো টানা দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় শীর্ষ স্থানে থাকার পর গত দুই সপ্তাহ ধরে সিংহাসন থেকে নেমে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। আর তার উপরে এবার সিরিয়ালের গল্প নিয়ে জোরদার ধাক্কা খেল মিঠাই। গল্প টুকলির অভিযোগ উঠল সিরিয়ালের বিরুদ্ধে। কিন্তু ব্যাপারটা কী?

মিঠাই রানির রোম্যান্স
এই মুহূর্তে মিঠাইতে দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল পর্ব। একটানা শহরের করচা থেকে একটু স্বাদ বদলাতে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে এখন সবাই মিলে পাহাড়ে বেড়াতে গিয়েছেন। আর সেখানেই একে অপরের আরও কাছাকাছি আসতে চলেছে মিঠাই আর তার উচ্ছে বাবু, অর্থাৎ সিদ্ধার্থ। কিন্তু সেক্ষেত্রে অনেক দর্শকই অভিযোগ করছেন যে আগের মত গল্পের জমজমাট উত্তেজনা আর নেই, ধীরে ধীরে খেই হারিয়ে ফেলছে মিঠাই-এর কাহিনী। আর সেই কথা মাথায় রেখেই দর্শক টানতে মরিয়া হয়ে উঠেছেন মেকাররা।

টনিকের গল্প চুরি?
এই মুহূর্তে মিঠাই-তে যে ট্রাক চলছে তাতে দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ের পাহাড়ে ঘুরতে গিয়ে ঘোড়ার পিঠে চড়ছেন দাদাই আর ঠাম্মি। এরপর আবার সেই নিজেদের অল্প বয়সের নস্টালজিয়ায় ফিরে গিয়ে দাদাই এবং ঠাম্মি ওয়াইন পান করেছেন। অল্প হুঁশ আর অল্প বেহুঁশ অবস্থায় টলে পড়ে যাচ্ছিলেন দুজন। আর তখনই দাদাই আর ঠাম্মিকে ধরে নিজেদের ঘরে পৌঁছে দেয় মিঠাই। আর এখানেই উঠছে গল্প চুরির অভিযোগ। আসলে সম্প্রতি মুক্তি পাওয়া দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনিত সুপারহিট টনিক ছবিতেও ঠিক এরকম একটি দৃশ্য আছে। আর সেই দৃশ্যই হুবহু কপি করা হয়েছে মিঠাই সিরিয়ালে।

দর্শকদের অভিযোগ
এমনিতেই বেশ কিছুদিন ধরে মিঠাই সিরিয়ালের টিআরপি বেশ কিছুটা নিম্নমুখী। আসলে এতদিন ধরে মিঠাই আর উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থর ফাইট দেখে এসেছেন দর্শক। মিঠাইয়ের মা মারা যাওয়ার পরে সবাই ভেবেছিলেন হয়ত এবার কিছুটা হলেও দুজনের মধ্যে মধুর সম্পর্ক দেখা যাবে। কিন্তু সে গুড়ে বালি। কোথায় মধুর সম্পর্ক কোথায় কী, এখনও সেই রাগী সিদ্ধার্থ আর মিঠাইয়ের সম্পর্ক যে কে সেই। আর এতেই রীতিমত বিরক্ত হতাশ দর্শকরা।

অথঃ মিঠাই কথা
শুরু থেকেই মিঠাই সিরিয়াল দর্শকদের বেশ মনের কাছেই ছিল। তারপর ধীরে ধীরে বাংলা ধারাবাহিক প্রেমীদের ঘরের মেয়ে হয়ে উঠেছে মিঠাই। এক দুটি নয়, টানা ৪৪ সপ্তাহ টি আর পি তালিকায় সেরার সেরা ছিল এই অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকটি। কিন্তু একঘেয়ে গল্পের জন্য এখন বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে মিঠাই। কিন্তু শো মেকারদের আশা আবার খুব শীঘ্রই মিঠাই আবার তার পুরনো ছন্দে ফিরবে। আর সেই আশাতেই বুক বাঁধছেন মিঠাইয়ের ফ্যানরাও।












Click it and Unblock the Notifications