Calcutta High Court: সিঙ্গুরের জমি কৃষকদের কাছে ফেরত নিয়ে রাজ্যের অবস্থান কী? জানতে চাইল হাইকোর্ট
Calcutta High Court: সিঙ্গুরের জমি নিয়ে এবার মন্তব্য কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকার সিঙ্গুরের জমি নিয়ে কী ভাবছে? সিঙ্গুরের অধিকৃত জমি নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী? সেই বিষয়ে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। সেখানেই এদিন রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়।
রাজ্য সরকার বক্তব্য জানানোর জন্য চার সপ্তাহ সময় পেয়েছে। এরপর নবান্নকে সিঙ্গুরের জমি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টকে বিস্তারিত জানাতে হবে। বাম জমানায় সিঙ্গুরের জমি অধিগ্রহণ হয়েছিল। টাটাকে কারখানা করার জন্য ওই জমি তুলে দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। সেই কারখানা হয়নি।

সুপ্রিম কোর্টে মামলা যায়। দীর্ঘ সময় সুপ্রিম কোর্টে মামলা চলার পরে কৃষকদের জমি ফেরতের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও জমি ফেরতের বিষয়ে বিবেচনা করবে রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পরেও কোনও আশার আলো দেখেননি জমিদাতারা। সেই অভিযোগ উঠে এসেছে।
ভারতীয় শান্তি দল নামে এক সংগঠন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বিষয়ে আবেদন করে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জমিদাতারা রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন করেছেন। কিন্তু সরকারের থেকে কোনও বার্তা দেওয়া হয়নি। এই অভিযোগ উঠে এসেছে। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া।
সিঙ্গুরের জমি ফেরত দিতে হবে। শুধু জমি ফেরত নয়, আগের অবস্থায় অধিগ্রহণ করা ওই জমি ফেরত দিতে হবে। এই দাবি আদালতের কাছে রাখা হয়েছে। ২০১৬ সালে শীর্ষ আদালত সিঙ্গুরের জমি কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর এতগুলো বছর কেটে গিয়েছে। কিন্তু কৃষকদের কাছে আগের অবস্থায় সেই জমি ফেরত আসেনি বলেই অভিযোগ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সর্ষের বীজ ছড়িয়ে ছিলেন। যদিও ওই জমিতে চাষাবাদ করা কার্যত সম্ভব হয়নি। সিঙ্গুরের কিছু জমিতে মাছ চাষের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কৃষকরা সেই তিমিরেই রয়েছেন। এমনই কথা জানা গিয়েছে বার বার। এরপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই আবেদন জানানো হয়।
বৃহস্পতিবার শুনানির সময় রাজ্যের কাছে বার্তা দেওয়া হয়েছে। এক মাস সময় দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সিঙ্গুরের জমি নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী? সেই কথা জানতে চাইল ডিভিশন বেঞ্চ।












Click it and Unblock the Notifications