West Bengal Weather news: ভোটে তপ্ত বাংলার আকাশে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, ৩ জেলায় জারি লাল সতর্কতা
পঞ্চায়েত ভোটের আগে তপ্ত বাংলা। রাত পোহালেই ভোটের লাইনে দাঁড়াতে হবে। আগামীকালের আবহাওয়া কেমন থাকতে পারে তার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপরে নতুন করে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে।
অর্থাৎ ফের রাজ্যের আকাশে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকে দমকে বর্ষণ হচ্ছে। কলকাতাতেও তাই। সকালে মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি নিয়ে ঘুম ভেঙেছে শহরবাসীর। তারপরে আর ছাদে জামাকাপড় শুকোতে দেওয়ার সাহস হয়নি কারোর। ঘরে বারান্দাতেই ভেজা কাপড় মেলে দিয়ে কাজে বেড়িয়ে পড়েছেন সকলে।

আকাশের মতিগতি একেবারেই ভাল নেই। কখনো রোদ ওঠে তো কখনও আকাশ কালো করে বৃষ্টি নেমে আসে। সেই বৃষ্টির দাপট আবার এতোটাই বেশি যে ছাতাতেও বাধ মানে না। ছাতা আর বর্ষার জুতো পরেই বাইরে বেরিয়েছেন আজ সকলে। আগামীকাল আবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আজ থেকেই সকলে ভোটের ডিউটিতে যেতে শুরু করেছেন।
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজকের মতোই কলকাতাকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বষ্টি হবে। আগামী ১০ জুলাই পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে। তবে তাতে তাপ মাত্রার তেমন কোনও হেরফের হবে না।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারীর সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন থেকে চারদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা গুলিতেও বৃষ্টি চলবে। কাজেই আগামী কাল ভোট দিতে যাওয়ার সময় বর্ষাতি সঙ্গে রাখতেই হবে। কারণ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications