বদলাচ্ছে অপরাধের ধরন! ভুয়ো খবর রুখতে সাইবার ক্রাইম অফিসারদের বিশেষ প্রশিক্ষণ রাজ্যের
ভুয়ো খবর রুখতে মরিয়া সরকার! সাইবার ক্রাইম অফিসারদের বিশেষ প্রশিক্ষণ রাজ্যের
করোনা আবহে ভুয়ো খবরের ঘনঘটা ক্রমেই বেড়ে চলেছে গোটা দেশে। অনেক সময়েই তাতে লাগছে রাজনীতির রঙ। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই ছড়ানো হচ্ছে গুজব। এর আগেও এই ভুয়ো খবরের জেরে নানা ভাবে বিপাকে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এমতাবস্থায়, রাজ্যে শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য 'ভুয়ো খবর' মোকাবিলায় সাইবার ক্রাইম অফিসারদের ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আসন্ন দুর্গাপুজো নিয়েও ছড়ায় গুজব
সম্প্রতি আসন্ন দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজবের শিকার হয় মমতার সরকার। তারপরেই নড়েচড়ে বসেন রাজ্য পুলিশের আধিকারিকেরা। সাইবার অপরাধ দমনে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। সূত্রের খবর, কয়েকদিন আগেই একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল একটি পোস্টে দাবি করা হয়, দুর্গাপুজোয় ঠাকুর দেখা বন্ধ করতে বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত নাইট কার্ফু জারি করছে রাজ্য সরকার। বিসর্জনেও বিধিনিষেধ থাকবে বলে দাবি করা হয়। যদিও গোটা খবরটিই ভুয়ো। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় রাজ্যরাজনীতিতেও।

জোরদার করা হবে সাইবার ক্রাইম বিভাগ, চলবে অনলাইন প্রশিক্ষণ
এই ঘটনা সমানে আসতেই অপরাধীদের গ্রেফতার করার নির্দেশ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর পরেই ওই পোস্টদাতা সহ ৩ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এমতাবস্থায় বিভিন্ন সামাজিক মাধ্যমে সাইবার ক্রাইম সনাক্তকরণ এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো আটকাতে আরও বেশি তৎপর হতে চাইছে রাজ্য। সেই মতোই সাইবার অফিসারদের দক্ষতা আরও বাড়াতে এক সপ্তাহব্যপী বিশেষজ্ঞদের দিয়ে একটি অনলাইন ক্লাসের আয়োজন করে রাজ্য সরকার।

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছে ২৬০ জন
এদিকে গত কয়েক মাসে অর্থাৎ করোনার জেরে লকডাউন চালুর পর থেকেই গোটা রাজ্যে ভুয়ো খবরের বাড়বাড়ন্ত অনেকটাই বেড়ে যায়। এদিকে ভুয়ো খবর ও গুজব ছড়ানোর দায়ে ইতিমধ্যেই বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় সহ মোট ২৬০ জনকে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ। সতর্ক করা হয়েছে আরও ৫৫০ জনকে।

ভুয়ো খবর রুখতে চলছে ২৪ ঘন্টার তদারকি
৮ সেপ্টেম্বর পুলিশ দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "সাইবার অপরাধ আগের থেকে অনেকটা বেড়েছে। সাইবার ক্রাইম সেলগুলিকে আরও শক্তিশালী করতে হবে। সাইবার অপরাধের ব্যাপারে প্রতিটি থানাকে আরও সচেতন হতে হবে, সাবধান থাকতে হবে।" সেইমতোই ইতিমধ্যেই বিভিন্ন জেলার পুলিশ ইউনিট নিয়ে তৈরি হয়েছে, তৈরি হয়েছে একটি করে কোর কমিটি। পাশাপাশি ভুয়ো খবর রুখতে চলছে ২৪ ঘন্টার তদারকি।












Click it and Unblock the Notifications