পক্ষপাতের অভিযোগে বীরভূমের এসপি ও তিন থানার ওসিকে সরাল কমিশন
কলকাতা, ১৫ এপ্রিল : সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর তার ফের একবার প্রমাণ পাওয়া গেল। দ্বিতীয় দফার আগেই বীরভূমের পুলিশ সুপার মুকেশ কুমার ও জেলার বোলপুর, ময়ূরেশ্বর ও লাভপুরের তিন থানা ওসিকে পক্ষপাতের অভিযোগে সরিয়ে দিল কমিশন।
আগামী রবিবার বীরভূমে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। তার আগে বারবারই এই জেলা নিয়ে বিরোধীরা অভিযোগ করে আসছিল। রাজ্য সরকারের হয়ে এখানকার প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এমনটাই অভিযোগ ছিল।

এসপি মুকেশ কুমারের জায়গায় আনা আসা হবে সব্যসাচী রমণ মিশ্রকে। এছাড়া নতুন ওসি নিয়োগের জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলকে নিয়েও বিরোধীদের একেরপর এক অভিযোগে ব্যতিব্যস্ত কমিশন। বিরোধীরা সুষ্ঠু ভোটের স্বার্থে অনুব্রতকে গ্রেফতারের দাবি জানিয়েছে। তবে তা নিয়ে এখনও কোনও পদক্ষেপ করেনি কমিশন।
প্রসঙ্গত, গত মার্চের ১৭ তারিখই বোলপুর এবং ময়ূরেশ্বর থানার ওসিকে সরিয়ে দিয়েছিল কমিশন। কিন্তু, তাঁদের জায়গায় নতুন যাঁরা দায়িত্ব নেন, তাঁদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ফলে তাঁদেরকেও সরিয়ে দিতে বাধ্য হল কমিশন।












Click it and Unblock the Notifications