পূর্ব মেদিনীপুর : টহলদারিতে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন পুলিশ কনস্টেবল
মহিষাদল (পূর্ব মেদিনীপুর), ৮ জানুয়ারি : রুটিন টহলদারিতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল এলাকায়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে দুষ্কৃতীদের খোঁজে চিরুণী তল্লাশি শুরু করেছে পুলিশ।
মৃত পুলিশ কর্মীর নাম নবকুমার হাইত। পুলিশ কনস্টেবলন ছিলেন তিনি।

ঘটনার সূত্রপাত রাত ১০ টা নাগাদ। রোজকার মতে ৪১ নম্বর জাতীয় সড়কে এক এসআই ও আর এক পুলিশ কনস্টেবলের সঙ্গে টহলদারিতে বেরন নবকুমার। মহিষাদলের কাপাসবেড়িয়া সেতুর কাছে দুই সন্দেহভাজনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তখনই পুলিশের গাড়ি লক্ষ করে বোমা ছুঁড়তে থাকে ওই দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রের খবর এরপর পালাতে গেলে নবকুমার একজনকে ধরে ফেলেন। সঙ্গীকে ছাড়াতে আর একজন নবকুমারকে সামনে থেকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় নবকুমার মাটিয়ে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় নবকুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনায় মৃত নবকুমারের দাদা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, নিচু তলার পুলিশ কর্মীদের কোনও নিরাপত্তা নেই। আর সেই কারণেই নবকুমারকে মরতে হয়েছে। পাশাপাশি তিনি এও প্রশ্ন তুলেছেন, "তিনজন পুলিশকর্মী থাকা সত্ত্বেও কেন একা নবকুমারকে লড়তে যেতে হয়েছিল দুষ্কৃতীদের সঙ্গে তার জবাব কী পুলিশ কর্তারা দিতে পারবেন?"
নবকুমারের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার। এই ঘটনার যথাযথ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নবকুমারের পরিবার।












Click it and Unblock the Notifications