উদয়ন গুহর 'নাম না করা' ফেসবুক পোস্ট ফের ঝড় তুলল! পাল্টা কৌশলী পোস্টে রণাঙ্গনে রবীন্দ্রনাথ ঘোষ
ফের একবর সংবাদ শিরোনাম কাড়লেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ফের একবার নাম না করে দলেরই এক মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের অন্দরের কোন্দল কার্যত প্রকাশ্যে নিয়ে এলেন। শুভেন্দু, রাজীবের পর এবার তাঁর নিশানায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

উত্তরে তৃণমূলের কোন্দল
সূত্রের দাবি, দিনহাটায় তৃণমূলের কার্যায়লয়ে কয়েকদিন আগে গিয়েছিলেন কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে তিনি তৃণমূল কার্যালয়ে বৈঠক করেন। জানা যায়, সেখানে ডাক পাননি উদয়ন গুহ সহ বহু ব্লক সভাপতিরাই। তার জেরে শনিবার 'বঙ্গধ্বনি' যাত্রায় উদয়নকে বহু বিরূপ মন্তব্য শুনতে হয়, দলেরই একাংশের কর্মীদের থেকে।

ফেসবুকে কাকে নিশানা ক্ষুব্ধ উদয়নের !
এই ঘটনার পরই উদয়ন গুহ নিজের ফেসবুক পোস্টে লেখেন, 'গতকাল রাজ্যস্তরের নেতা সাংগঠনিক আলোচনার জন্য দিনহাটায় এসেছিলেন,বিধায়ক ,তিন ব্লক সভাপতি,শহর নেতৃত্বের বড় অংশ,ওয়ার্ড সভাপতিরা কেউ জানেন না। কেমন সাংগঠনিক আলোচনা??
24th এবং আজ গো-নয়ারহাট অঞ্চলে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হলো সেটাও তুলে ধরলাম।রাজ্য নেতারা খুব ব্যস্ত বলে ফেসবুকে তুলে ধরলাম। আপাতত আমার কর্মসূচি স্থগিত রাখলাম। আশা করি সমস্যার সমাধান হবে।' (বানান ও বাক্য গঠন অপরিবর্তিত)

'বেসুরো নই', দাবি উদয়নের
এই পোস্টার পরই উদয়ন গুহ লেখেন , তিনি 'বেসুরো' নন। কেবল নিজের কথা তিনি ফেসবুকে প্রকাশ করেছেন বলে দাবি তাঁর। রাজ্যের দলবদলের হাওয়ার মাঝে এই তৃণূল বিধায়ক যে 'অন্য সুর' ধরছেন না , তা উদয়ন স্পষ্ট করেছেন।

পাল্টা রবীন্দ্রনাথের পোস্ট
এদিকে, গোটা বিতর্ক উদয়নের হাত ধরে তুঙ্গে উঠতেই পাল্টা তোপ দাগেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ফেসবুকে লেখেন, 'দৈববানী তোমারে বধিবে যে,গোকুলে বাড়িছে সে ' । এখানেই শেষ নয়, আরও এক পোস্টে রবীন্দ্রনাথ ঘোষ লেখেন, ' অতি বাড় বেড়োনো ঝরে ভেঙে পড়বে'। এরপর এই বিতর্কের জল কোনদিকে গড়ায় সেদিকে নজর গোটা রাজ্যের।












Click it and Unblock the Notifications