ডায়মন্ড হারবারে নিজের গড়ে অভিষেকের সভায় 'অনুপস্থিত' তিন বিধায়ক, জল্পনা তুঙ্গে
নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(abhishek banerjee)। এদিনের সভা থেকে যুব তৃণমূল সভাপতি নাম করে শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন। যদিও, এদিনের সভায়
নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(abhishek banerjee)। এদিনের সভা থেকে যুব তৃণমূল সভাপতি নাম করে শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন। যদিও, এদিনের সভায় নিজের কেন্দ্রের অধীন থাকা তিনটি বিধানসভা কেন্দ্রের তিন বিধায়ক অনুপস্থিত ছিলেন। যা নিয়ে ২০২১-এর ভোটের আগে জল্পনা তুঙ্গে।

শুভেন্দু অধিকারীর পাশাপাশি অমিত শাহকেও আক্রমণ
এদিন ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত শুভেন্দু অধিকারীকেই নিশানা করেন। তোলাবাজ, মেরুদণ্ডহীন, পাল্টিবাজি বলে আক্রমণ করেন। শুভেন্দু অধিকারীর নাম করে তিনি বলেন, নারদায় কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। কিন্তু তাঁকে (অভিষেক) দেখা যায়নি। তাঁর পিছনে ইডি, সিবিআইকে লাগিয়ে কিছুই হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে থেকে একটি কেন্দ্র জিতে দেখান। পাশাপাশি তিনি বলেন, জেলার ফল ৩১-০ করতে তিনিই দায়িত্ব নিচ্ছেন। অভিষেক বলেন, অমিত শাহকে বড় দাদা বলেছেন শুভেন্দু অধিকারী, তাই ভাইপো কে বোঝাই যাচ্ছে। সীমান্তে গরু পাচার নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিএসএফ অমিত শাহের অধীনে। তাই টাকা কোথায় যায় ধরতে কারও অসুবিধা হয় না।

সভায় অনুপস্থিত একাধিক বিধায়ক
প্রায় একমাস আগে সাতগাছিয়ায় সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন তৃণমূলের দখলে থাকা সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে দুই কেন্দ্রের বিধায়ককে দেখা যায়নি। তাঁরা হলেন, ডায়মণ্ডহারবারের দীপক হালদার এবং মহেশতলার দুলাল দাস। এদিন ডায়মন্ডহারবারের সভায় এই তালিকায় যুক্ত হয়েছেন সাতগাছিয়ার তৃণমূল বিধায়কও। প্রসঙ্গত সাতটি কেন্দ্রের মধ্যে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুর পর থেকে আসনটি ফাঁকা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের সভায় বজবজ কেন্দ্রের বিধায়ক অশোক দেবের প্রশংসা করেন।

ডাকা হয়নি, অভিযোগ করেছেন দুলাল দাস
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরে এদিন সংবাদ মাধ্যমের তরফে মহেশতলায় বিধায়ক দুলাল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই সভায় তাঁকে আমন্ত্রণ জানানোই হয়নি। একই কথা প্রযোজ্য ডায়মন্ড হারবারের দীপক হালদারের ক্ষেত্রেও। নভেম্বরে সাতগাছিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেছিলেন, ডায়মন্ডহারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরি হয়েছে। বিধায়ক মহাশয় কাজ চালিয়ে যান। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ডায়মন্ডহারবারের গণদেবতারা সব দেখছেন, ঠিক সময়ে উত্তর পেয়ে যাবেন। দিন দুয়ের আগে করা ফেসবুক পোস্টে দীপক হালদার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।

এলাকায় দাপট যুব তৃণমূলের
স্থানীয় তৃণমূল সূত্রে খবর, এলাকায় বিধায়কদের সেরকম কোনও কাজ করতে দেওয়া হয় না। সব কাজ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যুব কংগ্রেসে নেতা, কর্মীরা। সেই বিষয়টিই মেনে নিতে পারছেন না দুলাল দাস, দীপক হালদারের মতো বিধায়করা। কাঁথির সভা থেকে এই যুব তৃণমূলকেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, লাল চুল, কানে দুল, তার নাম যুব তৃণমূল।












Click it and Unblock the Notifications