গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে
ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা আচমকাই মন্ত্রী শশী পাঁজার বাড়ির দিকে ইট পাথর ছুড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ও এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

তবে পাল্টা অভিযোগ করেছে গেরুয়া শিবিরও। বিজেপির দাবি, তাদের মিছিল গিরিশ পার্ক দিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরাই প্রথম ইট ছুড়ে আক্রমণ করে। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই তৃণমূল হামলা চালিয়েছে বলেও অভিযোগ তাদের।
দুক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
এপ্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা জানান, তাঁর বাড়ির আশপাশে বয়কট বিজেপি লেখা পোস্টার লাগানো ছিল। বিজেপি কর্মীরা বাসে করে যাওয়ার সময় নেমে এসে সেই পোস্টার ছিঁড়ে ফেলেন। পরে তৃণমূল কর্মীরা আবার পোস্টার লাগাতে গেলে বিজেপি কর্মীরা বাস থেকে নেমে এসে তাদের উপর হামলা চালায় বলেই অভিযোগ মন্ত্রীর।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। ব্রিগেডের বড় সমাবেশের দিন এই ঘটনাকে ঘিরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে দুই শিবিরের মধ্যে।












Click it and Unblock the Notifications