ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত হতে চলেছে বড় রাজনৈতিক সমাবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সমাপ্তি উপলক্ষে এই সভাকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি। শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, প্রশাসনিক বৈঠক ও বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের জন্য বিশাল আকারে খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
সূত্রের খবর, শনিবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে প্রায় ১টা ৪৫ মিনিটে রেসকোর্সের হেলিপ্যাডে এসে তিনি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। সফরের শুরুতেই একটি প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মূল সভামঞ্চের পিছনের দিকে মাঠের একাংশে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে সেখান থেকেই একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরপর দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে ব্রিগেডের মঞ্চে শুরু হবে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। সভাকে ঘিরে শহরে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনাও নিয়েছে কলকাতা পুলিশ।
অন্যদিকে, ব্রিগেডে আসা বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের জন্য বড় আকারে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। জানা গেছে, প্রায় এক লক্ষ মানুষের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে। আলাদা তিনটি ভাগে রান্নার কাজ চলছে। মেনুতে রাখা হয়েছে ভাত, ডাল ও সবজি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা দল বেঁধে ব্রিগেডে পৌঁছবেন। তাঁদের জন্য থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। কেউ আগে এসে খাবার সেরে সভায় যাবেন, আবার অনেকেই সভা শেষে খাবার খেয়ে ট্রেনে করে বাড়ির পথে রওনা দেবেন।
এদিকে, ব্রিগেডের সভামঞ্চেও ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ। মঞ্চসজ্জায় ব্যবহার করা হয়েছে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের আদল, পাশাপাশি পটচিত্র, কীর্তন ও বাউল সংস্কৃতির নানা উপাদান। এমনকি মঞ্চে তুলে ধরা হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিরূপও। দার্জিলিংয়ের চা বাগান থেকে শুরু করে বাঁকুড়ার টেরাকোটা শিল্প ও বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এদিনের ব্রিগেডের সভামঞ্চে।












Click it and Unblock the Notifications