কুয়াশায় ঢাকবে দক্ষিণবঙ্গ, উত্তরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট

নতুন বছরের শুরুতেই রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার আবহাওয়াতেও স্পষ্ট প্রভাব পড়তে চলেছে। দক্ষিণবঙ্গে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার দাপট বাড়বে, অন্যদিকে উত্তরবঙ্গে দেখা দিতে পারে বৃষ্টি ও তুষারপাত।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা পাঞ্জাব ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি উত্তর ভারত ও আশপাশের অঞ্চলে সক্রিয় রয়েছে সাব ট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম। উত্তর হরিয়ানা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখাও আবহাওয়ার এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এর ফলেই রাজ্যজুড়ে আবহাওয়ার চরিত্রে বদল আসছে।

বর্ষবরণের পর থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। নতুন বছরের প্রথম দিনে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘন কুয়াশা দেখা দিতে পারে। শনিবারও এই কুয়াশার প্রভাব বজায় থাকবে একাধিক জেলায়।

হাওয়া অফিসের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার ও শনিবার সামান্য তাপমাত্রা বাড়বে, এরপর দুই তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকবে। উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, আর পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করবে ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি ফের তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন ও চটকপুরের মতো এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। পশ্চিমী ঝঞ্ঝা দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য অঞ্চল দিয়ে অতিক্রম করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

কলকাতায় আপাতত জাঁকিয়ে শীতের আমেজ বজায় রয়েছে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও শীতের অনুভূতি পুরোপুরি কাটবে না। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ ছিল ২০.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৩ শতাংশের মধ্যে রয়েছে।

এদিকে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও বিহারে শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লিতে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে চরম সতর্কতা। ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশেও কুয়াশার দাপট বাড়ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+