আরজি কর কাণ্ডে ফের বার্তা দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, কী লিখলেন তিনি?
আজ সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। গত দিন শুনানি বাতিল হয়ে গিয়েছিল। তারপর থেকেই বাংলায় আরও জোরদার হয়েছে সাধারণ মানুষের আন্দোলন। এই আবহে নতুন একটি বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন তিনি।
আজ সোমবার আরজি কর কাণ্ডের এক মাস। ঠিক গত মাসের নয় আগস্ট আরজি কর হাসপাতালের ভিতর থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ। ধর্ষণ ও খুন করা হয়। পাশবিক নির্যাতন চলে তার উপর। মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। সঙ্ঘবদ্ধভাবে মানুষ সোচ্চার হতে শুরু করে।

১৪ আগস্ট রাত দখলের কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন থেকেই ইঙ্গিতপূর্ণ টুইট করে চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। রাত দখল কর্মসূচিতে তিনি নিজে থাকবেন। এ কথা জানান। পরবর্তীকালে দলের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয়। কলকাতা পুলিশ তাঁকে লালবাজারে ডেকেছিল। শেষ পর্যন্ত সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ।
আজ সোমবার সকালে আরও একটি টুইট করেছেন প্রাজ্ঞ এই সাংসদ। তিনি ৫২ বছর ধরে নিউইয়র্কের ফেডারাল বিচারক লার্নড হ্যান্ড - এর প্রসঙ্গ তুলেছেন। ফেডারাল বিচারক এবং বিল অফ রাইটসের দোভাষী একবার বলেছিলেন, "আমরা যদি আমাদের গণতন্ত্র বজায় রাখতে চাই, তবে একটি আদেশ থাকতে হবে। আপনি ন্যায়বিচারকে রেশন করবেন না।"
এই বার্তা কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের উদ্দেশ্যে? সেই ইঙ্গিত কি আরও উসকে দিচ্ছে? তেমনই চর্চা চলছে ওয়াকিবহাল মহলে। " আমরা ন্যায়বিচার দাবি করি।" এই কথাও লিখেছেন সুখেন্দুশেখর। গত দিন তৃণমূল সাংসদ আরো একটি ইঙ্গিত পূর্ণ বার্তা দিয়েছিলেন।
রাত দখল নেওয়ার পাশাপাশি ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ মনে করিয়ে দেন তিনি। নাগরিকদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকারের বিষয়ে লিখেছিলেন তৃণমূল সাংসদ। তাই নিয়েও চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে।
গতকাল রবিবার বাংলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ পথে নেমেছিলেন। গোটা দিন জুড়ে মিছিল চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন। মধ্যরাতেও কলকাতার বিভিন্ন অংশে প্রতিবাদ সংগঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই প্রতিবাদের আঁচ যাতে পৌঁছায়। সেই লক্ষ্যই সাধারণ মানুষের মধ্যে রয়েছে। এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন আন্দোলনকারীরা।












Click it and Unblock the Notifications