পিকে হতে চান লিঙ্কম্যান! ২০২৪-এর লক্ষ্যে কষছেন মোদীকে মাত দেওয়ার পরিকল্পনা
২০২৪-এর লক্ষ্যে গেমপ্যািশন সাজানো শুরু করে দিয়েছেন ভোট কৌশলী পিকে। শারদ পাওয়ারের সঙ্গে তিন-তিনবার বৈঠকে করে তিনি বিজেপি বিরোধী জোটকে সম্মিলিত করার প্রস্তুতি নিচ্ছেন, তা স্পষ্ট হয়েছে প্রশান্ত কিশোরের পরিকল্পনায়।
২০২৪-এর লক্ষ্যে গেমপ্যািশন সাজানো শুরু করে দিয়েছেন ভোট কৌশলী পিকে। শারদ পাওয়ারের সঙ্গে তিন-তিনবার বৈঠকে করে তিনি বিজেপি বিরোধী জোটকে সম্মিলিত করার প্রস্তুতি নিচ্ছেন, তা স্পষ্ট হয়েছে প্রশান্ত কিশোরের পরিকল্পনায়। প্রশান্ত কিশোর এবার সেতুবন্ধনের কাজটা করতে চাইছেন। চাইছেন বিজেপি-বিরোধী দলগুলির মধ্যে লিঙ্কম্যান হয়ে উঠতে।

লিঙ্কম্যান হিসেবে জোটের কাজে পিকে!
শারদ পাওয়ারের সঙ্গে বিজেপি বিরোধী সমস্ত দলেরই ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক কংগ্রসেরও। এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করে তাই তাঁর লিঙ্কম্যান হিসেবে কাজে সহায়তা চেয়েছেন পিকে। ২০১৯-এ যে কারণে হেরে গিয়েছিল বিরোধীরা, সেটা এবার হতে দিতে চান না প্রশান্ত কিশোর।

রামায়ণের কাঠবেড়ালির যেমন ভূমিকা
২০২১-এ তৃণমূলের হয়ে সাফল্য এনে দেওয়ার পর প্রশান্ত কিশোর নিজের উদ্যোগেই ২০২৪-এ বিজেপিকে দিল্লির মসনদ থেকে উৎখাত করার পরিকল্পনা তৈরি করতে লেগে পড়েছেন। ২০১৯-এ কোথায় ফাঁকফোকর ছিল, তা বুজিয়ে তিনি এবার ভূমিকা নিতে চাইছেন রামায়ণের কাঠবেড়ালির। রামায়ণে কাঠবেড়ালি যেমন সেতু বাঁধায় সাহায্য করেছিলেন, তেমনই পিকে চান বিরোধীদের মধ্যে সেতু বন্ধন করতে।

কংগ্রেসকেও দরকার, দরকার মমতাকেও
প্রশান্ত কিশোর মনে করেন, বিজেপিকে হারাতে কংগ্রেসকে দরকার। কংগ্রেস ছাড়া কোনওভাবেই বিজেপিকে আটকানো যাবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাখতে হবে মুখ্য ভূমিকায়। এই কঠিন কাজ করতে হবে সঠিকভাবে। তবেই সাফল্য আনা সম্ভব। এই কঠিন কাজের পরিকল্পনা কষতেই যে তিনি শারদ পাওয়ারের দরবারে গিয়েছিলেন, তা স্পষ্ট।

বিজেপিকে উৎখাতের পরিকল্পনায় নতুন দল
প্রশান্ত কিশোরের হাত ধরেই বাংলার ভোটে সাফল্য পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাফল্যকে পাথেয় করে প্রশান্ত কিশোর এবার দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের পরিকল্পনা করছেন। পিকে ইঙ্গিত দিয়েছিলেন তাঁর আর রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরে ভোট কৌশলীর কাজে আর আগ্রহ নেই। তাই তিনি পদত্যাগও করেছিলেন আই প্যাক থেকে। তারপর আই প্যাকে থেকে গেলেও পিকে এখন নতুন রাজনৈতিক দল গড়তে চাইছেন।

বিহারে প্রশান্ত কিশোরের নতুন দল গড়ে উঠছে
প্রশান্ত কিশোর রাজনৈতিক দল গড়ার আগে একটা মঞ্চ তৈরি করেছিলেন বিহারে। 'বাত বিহার কি' নামক মঞ্চ গড়ে তুললেও বিহারের ভোটে তার কোনও ভূমিকা ছিল না। তিনি যে তলে তলে রাজনৈতিক দল করার প্রস্তুতি নিচ্ছিলেন, তা বোঝা যায়নি। বাংলায় সাফল্যের পর বিহারে তাঁর নতুন দল গড়া ও দল গড়ার উদ্দেশ্য সামনে এল।

বিজেপিকে মাত দিতে রাজ্যওয়াড়ি কৌশল পিকের
প্রশান্ত কিশোর বুঝিয়ে দিয়েছেন, তিনি বিহার-কেন্দ্রিক রাজনৈতিক দল গড়লেও, নিজের ভূমিকাকে তিনি লিঙ্কম্যান হিসেবেই দেখছেন। তিনি চান বিজেপি বিরোধী সমস্ত দলের মদ্যে সেতুবন্ধনের কাজ করতে। রাজ্যে রাজ্যে বিজেপিকে মাত দেওয়ার পরিকল্পনা তিনি এখন থেকে শুরু করে দিয়েছেন। কোথায় কে শক্তিশালী, সেইমতো কৌশল আঁটছেন লড়াইয়ের।

সেতুবন্ধনের লক্ষ্যে নতুন দল গড়ার পরিকল্পনা
সম্প্রতি শারদ পাওয়ারের সঙ্গে প্রশান্ত কিশোরের তিনবার বৈঠক হয়েছে। সেখানে পিকে বলেন, বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে হবে। তার জন্য সেতুবন্ধুনের দরকার। সেই সেতুবন্ধুন করার আগে বিহারের বুকে নতুন একটি রাজনৈতিক দল গড়ার পরিকল্পনার কথা জানালেন প্রশান্ত কিশোর। সেই দল নিয়েই তিনি সেতুবন্ধনের কাজ করবেন দেশজুড়ে।

পিকের রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন বিরোধীদের
প্রশান্ত কিশোর নেহাতই একজন ভোট কৌশলী। তিনি তাঁর কৌশলী-কায়দায় কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার পরিকল্পনা করতে পারেন। নতুন নতুন পথ দেখা পারেন, কিন্তু নিজে দল গড়ে তাকে সাফল্য এনে দেওয়া মুখের কথা নয়। আর নতুন দল হলে কী সুবিধা হবে। ফলে তাঁর রাজনৈতিক দল করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন, তিনি যদি নতুন দল গড়েন, তাকে গ্রাহ্য করবেন কি বিজেপি বিরোধী অন্য দলগুলি।












Click it and Unblock the Notifications