মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর ও অশালীন মন্তব্য করে ভিডিয়ো ছড়ানোর অভিযোগে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শেক্সপিয়র সরণি থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে ধারাবাহিকভাবে একাধিক ভিডিয়ো ছড়ানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত ও অপমানজনক মন্তব্য করতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। অভিযোগ, এই ভিডিয়োগুলিতে ব্যবহৃত ভাষা কেবল অশ্লীলই নয়, তা শালীনতার সীমা লঙ্ঘন করেছে এবং যৌন ইঙ্গিতপূর্ণ বক্তব্যে ভরা। পাশাপাশি, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, পরিকল্পিতভাবে এই ভিডিয়োগুলি তৈরি ও ছড়ানো হয়েছে, যার পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ। ভুয়ো তথ্য ও ধর্মীয় উস্কানি মিশ্রিত এই কনটেন্ট যে কোনও সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিপন্ন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, ক্যামাক স্ট্রিট সংলগ্ন এলাকা থেকেই ভিডিয়োগুলি ছড়ানো হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মোট ১৬টি ধারা প্রয়োগ করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।
এদিকে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে, ফল প্রকাশ ৪ মে। নির্বাচনের আগে বিভিন্ন দল যখন জোরকদমে প্রচারে ব্যস্ত, তখন এই ধরনের ঘটনার রাজনৈতিক তাৎপর্য নিয়েও জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তাঁর প্রতিপক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় জনসভা করে প্রচার জোরদার করেছেন তিনি। অন্যদিকে, উৎসবের আবহে রামনবমী উদ্যাপনও রাজনীতির মঞ্চে পরিণত হয়েছে।












Click it and Unblock the Notifications