ভারতীয় ঘোষের বিরুদ্ধে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের
ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা পাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে পিংলা থানায় মামলা দায়ের করল রাজ্য পুলিশ।
ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা পাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে পিংলা থানায় মামলা দায়ের করল রাজ্য পুলিশ। জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

পুলিশ জানিয়েছে ভারতী ঘোষের বিরুদ্ধে ৩৫৩, ৫০৩ ধারা সহ আরও কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পিংলার মন্ডলবাড় গ্রামে তল্লাশি চালিয়ে ভারতী ঘোষের গাড়ি থেকে ১ লক্ষ ১৩ হাজার টাকা উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। তল্লাশিতে বাধা দেওয়ায় পাশাপাশি ভারতী সিজার লিস্টে সই করতে অস্বীকার করেন বলে অভিযোগ।
যদিও ভারতী ঘোষের দাবি, তিনি কোনও অন্যায় কাজ করেননি। তাঁর গাড়িতে আরও কয়েকজন ছিল। এবং তাঁদের সকলের কাছে থাকা টাকা এক সঙ্গে দেখিয়ে তাঁকে ফাঁসানো হচ্ছে।
রবিবার ভোট। আর তার আগে এই ঘটনায় বিপাকে পড়েছে বিজেপি। যদিও এদিন পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচনী প্রচারের কাজে এসে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেন যে ভোটের আগে ভারতী ঘোষকে ফাঁসানো হচ্ছে।
এদিকে ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা দেব এই ঘটনার পরে প্রতিক্রিয়ায় বলেন, এইভাবে টাকা ছড়িয়ে ভোট কেনা যায় না।












Click it and Unblock the Notifications