Panchayat Election 2023: ভোটকর্মীদের বাড়ি ফেরাতে উদ্যোগী রেল, হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে কখন কোথায় শেষ ট্রেন?
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন কাল। ব্যালট বাক্স জমা দিয়ে ভোটকর্মীদের বাড়ি ফিরতে মধ্যরাত পেরিয়ে যাবে। অনেকেরই চিন্তা থাকে বাড়ি ফিরব কীভাবে? রাত কাটাতে হবে কোথায়?
এই আবহে পূর্ব রেলের ঘোষণা স্বস্তি দিতে পারে অনেককেই। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বেশ কয়েকটি লোকাল ট্রেনের বন্দোবস্ত করা হলো। লাস্ট লোকালের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে।

হাওড়া ডিভিশনে তিনটি রুটে চলবে তিনটি ইউএমইউ ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বরগামী ৩৭৩৫১ আপ লোকাল ট্রেনটি ছাড়ার সময় রাত ১১টা ৫ মিনিটে। সেটি রাত সাড়ে ১১টায় ছাড়বে এবং গোঘাট পর্যন্ত যাবে। রাত ১০টা ১০ মিনিটের ৩৭৮৫৭ আপ হাওড়া-বর্ধমান লোকাল কাল নির্ধারিত সময়ের পরিবর্তে রাত ১১টার সময় হাওড়া থেকে ছাড়বে।
ব্যান্ডেল-কাটোয়া শাখায় শেষ লোকাল ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় রাত ১১টা ২৫ মিনিট। সেই ট্রেনটিও কাল নির্ধারিত সময়ে ছাড়বে না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩৭৭৫৭ আপ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ট্রেনটি রাত ১১টা ২৫ মিনিটে না ছেড়ে কাটোয়ার উদ্দেশে রওনা হবে রাত ১২টা ১৫ মিনিটে।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনেও লোকাল ট্রেনের সময়সূচিতে রদবদল করা হয়েছে। পূর্ব রেল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিকের অনুরোধে এই বিশেষ বন্দোবস্ত। নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মীদের নিরুপদ্রবে যাতায়াতের সুবিধায় ডায়মন্ড হারবার, ক্যানিং ও নামখানা থেকে শিয়ালদহ (দক্ষিণ) অভিমুখে লোকাল ট্রেন চলবে।

ডায়মন্ড হারবার ও ক্যানিং থেকে রাত ১টায় একটি করে ট্রেন শিয়ালদহ (দক্ষিণ)-এর উদ্দেশ্যে রওনা হবে। নামখানা-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। তিনটি ট্রেনই যাত্রাপথে ফ্ল্যাগ স্টেশন, হল্ট স্টেশন-সহ প্রতিটি স্টেশনে দাঁড়াবে।












Click it and Unblock the Notifications