Panchayat Election 2023: বাংলার ভোটে রক্তের হোলি! প্রাণ গেল ১৪ জনের, রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক
বাংলার পঞ্চায়েত ভোটে রক্তের হোলি খেলা চলল শনিবার। শুধু ভোটের দিনে প্রাণ গেল ১৪ জনের। এই হিংসা ও ভোটের বলির ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন সকাল থেকেই পঞ্চায়েত নির্বাচন শুরু হয় হিংসার মধ্য দিয়ে। যত সময় গড়িয়েছে ততই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে হিংসার বিবরণ চেয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এই হিংসা রিপোর্ট চেয়েছেন। এখানে উল্লেখ্য, নিহতদের মধ্যে ৮ জন তৃণমূল কংগ্রেসের সদস্য, তিনজন সিপিএমের সদস্য এবং বিজেপি ও কংগ্রেসের একজন করে কর্মী ছিলেন।

আর জেলাওয়াড়ি যদি এই তথ্য বলতে হয়, তবে মুর্শিদাবাদে ৩ জন তৃণমূল সদস্য এবং একজন করে কংগ্রেস ও সিপিএম সদস্য নিহত হয়েছেন। কোচবিহারে বিজেপি ও তৃণমূলের একজন করে সদস্যের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে দুই সিপিএম কর্মী এবং একজন তৃণমূল কর্মী নিহত হয়েছেন।
এছাড়া মালদহে তৃণমূলের একজন মারা গেছেন এবং দক্ষিণ ২৪ পরগনায় একজন তৃণমূলকর্মী মারা গিয়েছেন। সবথেকে বেশি হিংসা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের বেলডাঙা ষষ্ঠীতলায় চায়ের দোকানে বসেছিলেন বাবর ও ফুলচাঁদ শেখ। দুষ্কৃতীরা এসে দুজনকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। বাবরের মৃত্যু হয়।
শনিবার সকালে রেজিনগরের নাজিরপুরে মৃত্যু হয়েছে ইয়াসিন শেখ। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে তাঁর মৃত্যু হয়। আবার খড়গ্রামে নলদ্বীপ গ্রামে সাবিরুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এছাড়াও মুর্শিদাবাদের নওদায় এক কংগ্রেস কর্মী আর লালগোলায় এক সিপিএম সমর্থককে খুন করা হয়েছে।
শনিবার কোচবিহার জেলার ফলিমারিতে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে।পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রাজিবুল হক নামে একজন সিপিএম কর্মী কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত হয়ে মারা যান। সংঘর্ষে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
পূর্ব বর্ধমানের নন্দীগ্রামে সিপিএমকর্মীদের বাঁশের লাঠির ঘায়ে গৌতম রায় নামে এক তৃণমূলকর্মী নিহত হয়েছেন। পূর্ব মেদিনীপুরের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি দেবকুমার রাইয়ের বিরুদ্ধে বিজেপি কর্মী সুবল মান্না ও তাঁর সহযোগীরা হামলা চালায় বলে অভিযোগ। জলপাইগুড়িতে এক তৃণমূল প্রার্থীর উপর বিজেপি কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications