Panchayat Election 2023: ব্যালট বাইরে ফেলার নির্দেশ, অডিও ভাইরাল! কংগ্রেস-তৃণমূল জোর চাপানউতোর
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই অভিযোগ উঠেছিল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যালট ছাপানোর। ভোট গণনার পরেও জেলায় জেলায় উদ্ধার হচ্ছে প্রচুর ব্যালট।
কাল পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত প্রচুর মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। তারই মধ্যে ভাইরাল হলো একটি অডিও। এরপরই শুরু হয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের চাপানউতোর।

ভাইরাল হওয়া অডিও (যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা)-তে দাবি করা হয়েছে, কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত তাঁর এক ঘনিষ্ঠকে নির্দেশ দিয়েছেন, ব্যালট পেপারের একটি প্যাকেট বাইরে ফেলতে। সিসিটিভি নেই এমন জায়গায় ব্যালট ফেলার কথা কথোপকথনে উঠে এসেছে।
বিকেল পাঁচটা নাগাদ ব্যালট পেপার এইচএস বিল্ডিংয়ের পিছনে ফেলতে বলা হয়েছে। যাঁকে ফোন করা হয়েছে তিনি প্রস্তাব দেন, ব্যালট পেপার যাতে ভেজা থাকে সেজন্য জল ঢালার। তা শুনে ফোনের ওপারে থাকা ব্যক্তি বলেন, কিছু ব্যালট বাইরে রেখে প্যাকেটের উপরে জল ঢেলে দিতে। একজন লোক যাতে ব্যালট পেপার সকলকে ডেকে দেখান সেজন্য একজনকে তৈরি রাখতেও নির্দেশ দেওয়া হয়।
এই অডিও ভাইরাল হতেই পুরুলিয়ার প্রাক্তন সভাধিপতি তথা জেলা তৃণমূলের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, নেপাল মাহাতর ব্যালট ছড়ানোর নির্দেশ সংক্রান্ত অডিও ভাইরাল হয়েছে। নেপাল মাহাতর সঙ্গে রয়েছেন বিরোধীরাও। তারাই ব্যালট ছাপিয়ে তা ছড়িয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। বিভিন্ন জায়গায় ব্যালট ফেলে রাজ্য সরকারকে বদনাম করার ষড়যন্ত্র এবার প্রমাণিত অডিওতে।

এমনকী বিভিন্ন জায়গায় ব্যালট উদ্ধারের ঘটনায় ডিএ আন্দোলনকারীরাও যুক্ত বলে দাবি সুজয় বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, পুরুলিয়া জেলার দাপুটে নেতা নেপাল মাহাত। পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটেও তৃণমূলের দাপট দেখা গিয়েছে। সুবিধা করতে পারেনি বিজেপিও।
ভাইরাল অডিও নিয়ে মুখ খুলেছেন নেপাল মাহাত। তিনি বলেন, আমি কলকাতায় আছি। আমার নামে একটা অডিও ভাইরাল হচ্ছে। যাঁরা এটা করেছেন তাঁরা যেন ভাবনাচিন্তা করে সব কিছু করেন। কারণ, ফেক, ভিত্তিহীন অডিও করে বদনাম করার চেষ্টার বিরোধী আমি। তাঁরা যেন সতর্ক থাকেন। এটা ভিত্তিহীন ও ফেক। প্রয়োজনে এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমি বাধ্য থাকব।












Click it and Unblock the Notifications