মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মা' বলে সম্বোধন করলেন নুসরত
মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মা' বলে সম্বোধন করলেন নুসরত।
হাসনাবাদে নির্বাচনী সভায় 'সুন্দরী','ঘরের মেয়ে' বলে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহানের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদানে এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর প্রতি নিজের আনুগত্য প্রকাশ করলেন দলের তারকা প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'বাংলার মা' বলে সম্বোধন করলেন নুসরত।

১৯ মে বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বাদুড়িয়া ব্লকের কাটিয়াহাট বল ফিল্ডের মাঠে ছাত্র, যুব ও মহিলাদের নিয়ে নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণস্বামী, সদস্য বুরাহনুল মঈনুদ্দিন আটুরিয়া ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক সৌমিক রায় অধিকারীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কথার রেশ টেনেই নুসরত বলেন, তিনি ঘরের মেয়ে। এলাকার মানুষের পাশে থাকবেন। তৃণমূল নেত্রীকে দিল্লি পাঠাতে তাঁকে ভোটে জয়যুক্ত করা আবশ্যক বলে জানান নুসরত। বলেন, নারী শক্তি কে এগিয়ে নিয়ে যেতে 'বাংলার মা' অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সব মহিলাদের পাশে আছেন।
উল্লেখ্য, দুদিন আগে হাসনাবাদে এক নির্বাচনী সভায় 'সুন্দরী' 'ঘরের মেয়ে' বলে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহানের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন এই বলে যে তাঁর ও নুসরতের ধর্ম আলাদা হলেও দুজনের মধ্যে কোনো পার্থক্য় নেই। কারণ, দু-জনেরই দুটি হাত, দুটি পা, দুটি কিডনি, একটি লিভার। তবে পার্থক্য একটাই যে নুসরত সুন্দরী হলেও তিনি তা নন বলে রসিকতাও করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications