রাজ্যের পদক্ষেপে নতুন বিতর্ক! এই সমস্ত পরিবারগুলির একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেবে নবান্ন
বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। আর এই প্রক্রিয়াটিকে কেন্দ্র করেই যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে যে, SIR-এর কারণে মৃত ৫৬ জনের পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে।

বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। আর সেই বৈঠকেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ যে, এই গোটা পর্বের সূচনা এক আত্মহত্যার ঘটনা দিয়ে। তারপর থেকে মৃত্যু সংখ্যা ধীরে ধীরে বেড়ে গিয়ে ৫৬-তে দাঁড়ায়। যার যে কারণেই মৃত্যু হোক না কেন, মৃত ব্যক্তিদের পরিবার গুলির দাবি যে, SIR সংক্রান্ত আতঙ্কই নাকি প্রধান কারণ ছিল। শাসক শিবিরও এই একই অভিযোগ তুলেছিল।
সরকারি সূত্রে জানা গিয়েছে যে, ক্ষতিপূরণ হিসেবে ওই পরিবারগুলির একজন করে সদস্যকে হোম গার্ডের পদে নিয়োগ করা হবে। খুব তাড়াতাড়িই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। জেলা ভিত্তিক নিয়োগের তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে, শুধু মৃতদের পরিবারই নয়, SIR চলাকালীন চরম হয়রানির এবং নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগে আরও ৫টি পরিবারকেও এই সুবিধার আওতায় আনা হচ্ছে।
তবে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য যে, হোম গার্ডের চাকরির স্থায়িত্ব এবং আর্থিক নিরাপত্তা নিয়েই রয়েছে অনিশ্চয়তা। তিনি দাবি করেন যে, "এই পদে বেতন কম, পেনশন অথবা গ্র্যাচ্যুইটির কোনও সুবিধা নেই, প্রতি বছর নবীকরণ করতে হয় চাকরি।" তিনি আরও অভিযোগ করেছেন যে, "অনেক ক্ষেত্রে আবার নবীকরণও করা হয় না।" উদাহরণ হিসেবে তিনি প্রায় ১৫ হাজার সিভিক ভলান্টিয়ারের চাকরি নবীকরণ না হওয়ার কথাও উল্লেখ করেন।
SIR ইস্যুতে রাজ্য সরকারের এই পদক্ষেপে যে নতুন করে রাজনৈতিক বিতর্ক বাড়বে, তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications