বিজেপি-বিরোধী মহাজোটে নেই তৃণমূল! মমতা-নীতীশ বৈঠকের দিনই বোমা ফাটালেন সেলিম
নবান্নে জোট বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কংগ্রেসের নেতৃত্ব তিনি মানবেন না বিজেপি বিরোধী জোটে। আর তার পাল্টা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশ-তেজস্বীর বৈঠকের দিনই বোমা ফাটালেন তিনি।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশ কুমার ও তেজস্বী যাদবের বৈঠকের পরই মহম্মদ সেলিম খোলাখুলি জানালেন, বিজেপি-বিরোধী মহাজোটে তৃণমূলের কোনো স্থান নেই। বিরোধীরা একজোট হওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছে, সেখানে তৃণমূল নেই! তৃণমূলকে ছাড়াই এই প্রচেষ্টা চলছে।

এদিন তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সাড়া পড়ে গিয়েছে। যখন নবান্নে জোট বৈঠকে তিন দলের তিন প্রধান মুখ একত্রিত হয়েছেন, তখন এ ধরনের মন্তব্যের কী সারবত্তা, সে প্রসঙ্গে সেলিম বলেন, মানুষের মুখ দেখতে হবে। মানুষ কী চায় দেখতে হবে। তা দেখেই হবে জোট।
সেলিমের কথায়, এইসব রাজনৈতিক সওদাগরদের মুখ দেখলে হবে না। একের পর এক নেতা মমতার দরবারে হুমড়ি খেয়ে পড়ছে! কিন্তু তাঁরা কী বললেন, কী করলেন, তাতে কিছু এসে যায় না। মানুষই জোট করে দেবেন বিজেপির বিরুদ্ধে। সেই জোটে তৃণমূল থাকবে না।

মহম্মদ সেলিম বলেন, আদতে বিরোধীরা একজোট হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, তবে সেখানে তৃণমূল নেই। তৃণমূল সেখানে থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি বিরোধী শিবিরে থাকবেন না। আদানি বিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি থাকতে পারেন না। তাহলে তিনি কী করে বিরোধী জোটে থাকবেন!
মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কালীঘাটে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের পর বলেছিলেন, বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব রেখে চলবেন। সোমবার নবান্নে নীতীশ কুমার ও তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর বিরোধী জোটে কংগ্রেসকে শামিল করতে চাইলেও কংগ্রেসের দাদাগিরি তিনি মানবে না বলে সাফ জানিয়ে দিলেন।

শুধু বিরোধী জোটে কংগ্রেসের আধিপত্য মানতে রাজি নন তিনি তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নীতীশ কুমারকে পরামর্শ দিয়েছেন দিল্লির পরিবর্তে পাটনায় বিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডাকার। কলকাতায় বৈঠকের পরে বিরোধী ঐক্য তৈরির প্রচেষ্টা মসৃণ গতি পাবে বলে মনে করা হয়েছিল।
কিন্তু মমতার পরামর্শ সেই প্রচেষ্টাকে ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০২৪-এ বিরোধী দলগুলি একসঙ্গে লড়াই করে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে। কিন্তু সেখানে বারবারই প্রশ্ন চিহ্ন খাঁড়া করে চলেছেন মমতা, এমনটাই মত মহম্মদ সেলিম-সহ বিরোধী অনেক নেতারই।












Click it and Unblock the Notifications