Mamata Banerjee: “আবার বাঘ পাঠিয়েছে, নিজেরা এসে উদ্ধার করে নিয়ে যান,” ওড়িশার উপর ‘বিরক্ত’ মমতা
Mamata Banerjee: বাঘ ধরপাকড় নিয়ে এবার প্রতিবেশী ওড়িশাকে (odisha) নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২১ দিন ধরে তিন রাজ্য ঘুরে রূদ্ধশ্বাস অভিযান শেষে বাঁকুড়ার রানিবাঁধের জঙ্গল থেকে ধরা পড়েছিল বাঘিনী জিনাত (Tigress Zeenat)। এদিন গঙ্গাসাগরের সভা থেকে মমতার দাবি, দিনরাত এক করে বাঘিনী উদ্ধারের পর ওড়িশা চেয়ে নিল, অথচ বনের দেখভাল তারা করছে না।
মমতা বলেন, "একটা বাঘ পাঁচটা জেলা পেরোল। পাঁচদিন আতঙ্ক ছিল। স্কুলও বন্ধ ছিল। যেই না আমরা বনবিভাগ, প্রশাসন সকলে মিলে উদ্ধার করলাম, সঙ্গে সঙ্গে ফেরত দাও ফেরত দাও বলে ফোন আসতে শুরু করল। ফেরত দিয়ে দিলাম। তোমরা তো ফরেস্টের দেখভাল করবে। যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে। আমাদের গ্রামে আতঙ্ক না ছড়ায়।"

নতুন করে ফের বাঘ এসেছে বলে দাবি মমতার। মুখ্যসচিবকে তাঁর নির্দেশ, "আবার যে বাঘ এসেছে, ওড়িশার সরকারকে বলব রেসকিউ অপারেশন করে নিয়ে যেতে। কারণ আমাদের লোকেরা পাঁচ রাত না ঘুমিয়ে থেকেছে। পাঁচ জেলা বন্ধ, স্কুল বন্ধ, এখন আবার সেই আতঙ্ক। আতঙ্ক আমরা সহ্য করব, আর যেই উদ্ধার করবে, আবার একটা পাঠিয়ে দিয়েছে।"
ওড়িশার সরকারকে নিশানা করে মমতার আরও বক্তব্য, "পাঠালে চিরকালের জন্য পাঠান। আমরা রেখে দেব। তোমাদের জায়গা না থাকলে, আমরা রেখে দিচ্ছি। তোমাদের রাখার জায়গা নেই, বাঘ নিয়ে গিয়ে জলে রেখে দিলে। জল পেরোতে কতক্ষণ। আবার একটা চলে এসেছে। এটা কী হচ্ছে? ওড়িশার সরকারকে দোষারোপ না করে অনুরোধ করব, আপনাদের টিম পাঠিয়ে বাঘ উদ্ধার করে নিয়ে যান। সবসময় আমাদের দোষারোপ করবেন না।"
বাঘিনী উদ্ধারের জন্য পাঁচদিন পাঁচ জেলার মানুষ অনেক দুর্ভোগ সয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। ওড়িশার সরকারকে মানবিকতার খাতিরে রাজ্যে এসে তাদের বাঘ উদ্ধার করে নিয়ে যেতে আবেদন মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, বাঘিনী জিনাত যাওয়ার পর তার পিছু নিয়ে নাকি পুরুলিয়ার সীমানায় আরও একটি বাঘ চলে এসেছে। পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ড সীমানায় রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপও মিলেছে বলে জানিয়েছে ঝাড়খণ্ডের বন দফতর।












Click it and Unblock the Notifications