এত জল! 'পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হল', বন্যার ভয়াবহতা দেখে গর্জে উঠলেন মমতা
West Bengal Flood Situation: নিজেদের রাজ্যকে বাঁচাতে পরিকল্পিত ভাবে বাংলাকে ভাসানো হল। রাজ্যকে না জানিয়ে সাড়ে তিন লাখ কিউসেক জল ছেড়ে দেওয়া হল। বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে ফের একবার ডিভিসকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই উৎসবের মরশুম।
আর তার আগে ভয়াবহ বাংলার বন্যা পরিস্থিতি (West Bengal Flood Situation) । আরামবাগের পরশুড়া, খানাকুল সহ একাধিক জায়গার জায়গার পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। গ্রামের পর গ্রাম জলের নীচে। এই অবস্থায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলির বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।

বুধবার সকালে সড়ক পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দফায় দফায় থামছে কনভয়। মাঝ রাস্তায় নেমেই কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। এমনকি ভয়াবহ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিতেও শোনা যাচ্ছে। আর তা বলতে গিয়েই এদিন কার্যত ফের একবার দামোদর ভ্যালি কর্পোরেশনকে আক্রমণ শানান। পাশাপাশি কেন্দ্রকেও একহাত নেন। বলেন, বারবার বলা সত্ত্বেও শোনা হচ্ছে না। ড্রেজিং করা হচ্ছে না। এটা সম্পূর্ণ 'ম্যান মেড বন্যা' বলেও তোপ দাগেন।
এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন কেন জল ছাড়ে না ডিভিসি? শুধু তাই নয়, বন্যার ভয়াবহ রূপ দেখে প্রশাসনিক প্রধানের দাবি, ২০০৯ সালের পর থেকে এত জল ছাড়েনি ডিভিসি। সাড়ে তিন লাখ কিউসেক জল ছেড়ে দেওয়া হল। একেবারে 'ম্যান মেড ফ্লাড'।
ইতিমধ্যে ডিভিসির সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। এমনকি তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনবার কথা হয়েছে বলেও এদিন জানান তিনি। কিন্তু কথা শোনা হচ্ছে না। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিজেদের রাজ্যকে বাঁচাতে পরিকল্পিত ভাবে বাংলাকে ভাসানো হল। আর কত বঞ্চনার স্বীকার হবে বাংলা? প্রশ্ন প্রশাসনিক প্রধানের।
বলে রাখা প্রয়োজন, বাংলায় 'ম্যান মেড' বন্যার কথা একাধিকবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে। তবে বিরোধী নেত্রী হিসাবে প্রথম এহেন বক্তব্য বলতে শোনা যায়। এদিন ফের একবার 'ম্যান মেড বন্যা'র কথা তুলে কেন্দ্রকে একহাত নিলেন প্রশাসনিক প্রধান। বলে রাখা প্রয়োজন, হুগলির আরামবাগ, খানাকুল সহ একাধিক জায়গার বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর। অন্যদিকে হাওড়ার উদয়নারায়ণপুর সহ বেশ কিছু নিচু জায়গাতে হু হু করে জল ঢুকছে। এমনকি ঘাটাল সহ বেশ কিছু জায়গার অবস্থাও ভয়াবহ।












Click it and Unblock the Notifications