উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের জেতানোর আর্জি, বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আগামী ১৩ তারিখ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আজ সোমবার বিকেলে প্রচার শেষ হচ্ছে। তার আগে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানালেন দলনেত্রী।
আজ দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। তিন দিন পাহাড়ে তাঁর কর্মসূচি রয়েছে। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক পদক্ষেপ করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিমানবন্দরে পৌঁছে এদিন সামান্য কিছু কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উপনির্বাচন সম্পর্কে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বার্তা দেননি। ছয় কেন্দ্রের কোথাও তৃণমূল সুপ্রিমো সভা করেননি। এই উপনির্বাচনে দলনেত্রীর তরফ থেকে প্রকাশ্যে কোনও বার্তা পাওয়া যায়নি বিগত দিনে। কিন্তু প্রচারের শেষ লগ্নে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, " আমি এই ছয় কেন্দ্রের মা, ভাই-বোনেদের বলব, বাংলা সব সময় আপনাদের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গ সরকার এবং মা মাটি মানুষ, ৩৬৫ দিনই আমরা আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব। তাই আপনাদের ভোটটাও দয়া করে তৃণমূল কংগ্রেসকে দেবেন।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, " জোড়া ফুলে ভোট দেবেন। তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে। আপনাদের কৃতজ্ঞতা জানাই। সংসদীয় নির্বাচনে আমাদের প্রার্থীকে আপনারা জিতিয়েছেন। তাঁরা তাঁদের মতো কাজ করছেন। সবে শুরু করেছেন। আরও করবেন।"
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দার্জিলিং যাচ্ছি। রাতের মধ্যে পৌঁছে যাব। কাল ও পরশু কাজ আছে। ১৫ তারিখে আমি ফেরত আসব। আমি চাই দার্জিলিং ভালো থাকুক । তরাই ডুয়ার্স ভালো থাকুক।" মুখ্যমন্ত্রী আরও বলেন, " অন্য রাজ্যের নির্বাচনী ক্ষেত্রে আমি কিছু বলব না। তবে চাইব সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট করুক।"
এই রাজ্যের সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া ছয় বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। এই ছটি কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই জিতে আছে তৃণমূল। কেবল মাদারিহাট বিজেপির দখলে।












Click it and Unblock the Notifications