প্রতীকের লড়াইয়ে মমতা অভিষেকের পথে নামা,ভোটের আগে কি বড় রাজনৈতিক সঙ্কেত? জানুন
রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। সেই দিন থেকেই ভোটার তালিকার তথ্য যাচাইয়ে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বুথ লেভেল অফিসার তথা বিএলওরা। আর ঠিক সেই দিনই রাজপথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি 'বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার' ষড়যন্ত্রে নেমেছে। আর সেই প্রেক্ষিতেই এদিন রাজ্যের শাসকদল প্রতিবাদে নামবে।

মঙ্গলবার দুপুর দেড়টায় রেড রোডে ড. বি.আর. অম্বেডকরের মূর্তির পাদদেশে জড়ো হবেন তৃণমূলের নেতা কর্মীরা। সেখান থেকে মিছিল যাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঠিকানা পর্যন্ত।
মিছিলের শুরু ও শেষের স্থান অম্বেডকর থেকে রবীন্দ্রনাথ। তাতে পরিষ্কার বার্তা দিচ্ছে
সংবিধান ও বাংলার মানবিক সাংস্কৃতিক চেতনা দুটিকেই সামনে রেখে এসআইআর এর বিরুদ্ধে লড়াই।
এদিকে ঠিক একই দিনে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় 'অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়ার' দাবিতে মিছিল ডেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আগরপাড়াতেই কয়েকদিন আগে 'ভোটার তালিকায় নাম বাদ যাওয়া'র আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক।
তাই এদিন দুই দলের মিছিল যেন দুই বয়ানের লড়াই।
দলের ভিতরে কৌশলগত নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআরকে কেন্দ্র করে তৃণমূলের লক্ষ্য কোনওভাবেই যেন বৈধ ভোটারের নাম বাদ না যায়।
শুক্রবার প্রায় ১৮ হাজার দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক স্পষ্ট নির্দেশ দিয়েছেন। বিএলও যখন বাড়ি যাবেন, সঙ্গে থাকতে হবে দলের বিএলএ 2 প্রতিনিধি।একশো শতাংশ ফর্ম সঠিকভাবে পূরণ নিশ্চিত করতে হবে, বুথভিত্তিক নজরদারি জোরদার করা হবে।
এছাড়া রাজ্যজুড়ে ৬২০০টি হেল্পডেস্ক চালু করবে তৃণমূল, যেখানে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত সাহায্য পাওয়া যাবে একমাস ধরে।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ১২টি রাজ্যে এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন।
তৃণমূলের অভিযোগ এই উদ্যোগকে হাতিয়ার করে বিজেপি বাংলায় ভোটার কাঠামো বদলানোর চেষ্টা করছে।
বিজেপি অবশ্য সব অভিযোগ উড়িয়ে বলছে এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া।
মঙ্গলবার ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে মমতা অভিষেকের পাশাপাশি থাকবেন তৃণমূলের সাংসদ, মন্ত্রী, কাউন্সিলররা।
মিছিল শেষে ফের জনতার উদ্দেশে বার্তা দিতে পারেন তাঁরা।












Click it and Unblock the Notifications