কেন্দ্রীয় নিরাপত্তায় টাকা পাচার করছেন বিজেপি নেতারা, নাম না করে ভারতীকে আক্রমণ মমতার
নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে টাকা পাচার করছেন বিজেপি নেতারা। ভোট কিনতে সেই টাকা ছড়াচ্ছেন বিভিন্ন গ্রামে। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে টাকা পাচার করছেন বিজেপি নেতারা। ভোট কিনতে সেই টাকা ছড়ানো হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে। এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এক বিজেপি প্রার্থী টাকা সহ হাতেনাতে ধরা পড়েছেন জানিয়ে নাম না করে ভারতী ঘোষকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

শুক্রবার উত্তর ২৪ পরগনার বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে এক নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যের যেসব বিজেপি নেতারা একসময় খেতে পেতেন না, তাঁরাই এখন কেন্দ্রীয় নিরাপত্তায় টাকা পাচার করছেন। রাজ্যের অনুমতি ছাড়াই ওই বিজেপি নেতারা জেড ও ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনের আগে তাঁদের কাছে এত ক্ষমতা, টাকা আসছে কোথা থেকে, প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তার রেশ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নোটবন্দি, রাফালে, জনধন যোজনাকে সামনে রেখে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়েছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টাকা পাচারের হোতা বলে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজ্যের কোনো জনসভায় মোদীর হেলিকপ্টার নামলে তার ধারেকাছে সাংবাদিকদের ঘেঁষতে দেওয়া হয় না। কারণ, ওই হেলিকপ্টার থেকে টাকার বাক্স নামে। আর সেই বাক্স স্থানীয় বিজেপি নেতাদের হাতে তুলে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। যদিও তৃণমূলের এভাবে টাকা ছড়ানোর প্রয়োজন পড়ে না জানিয়ে তাঁর দাবি, মা-মাটি-মানুষের সরকার বাংলার কোথাও একশো তো কোথাও দুশো শতাংশ কাজ করে ফেলেছে। তাই মানুষের আশীর্বাদ তাঁদের সঙ্গে আছে বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন আইপিএস তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে, গত রাতে লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। এক সময় তাঁরই ঘনিষ্ঠ ভারতী দেবী নিজের কেন্দ্রের ভোটারদের কিনতেই গাড়ি ভর্তি টাকা নিয়ে যাচ্ছিলেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে ফুটে উঠেছে।












Click it and Unblock the Notifications