মতুয়া মহাসঙ্ঘের আয়কর বিষয়ে জটিলতা, কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?
মতুয়া মহাসঙ্ঘের মাথায় কে থাকবেন? তাই নিয়ে দীর্ঘ দিন ধরেই টানাপোড়েন চলছে৷ কলকাতা হাইকোর্টে মামলার শুনানিও শুরু হয়েছে। সোমবার হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এই মামলায়। মমতাবালা ঠাকুর মতুয়া মহাসঙ্ঘের আয়কর নথি জমা দিয়েছেন। আর তাই ঘিরেই জটিলতা তৈরি হয়েছে।
যে প্যান কার্ড এক্ষেত্রে ইস্যু হয়েছে তার সঙ্গে কোন মোবাইল নম্বর সংযুক্ত? এই তথ্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়ে আয়কর দফতরকে রিপোর্ট দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এর আগে কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছিল। সেই সময় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আয়কর দফতরকে এই মামলায় যুক্ত করতে হবে। শুধু তাই নয়, মমতাবালা ঠাকুরকে আয়কর সংক্রান্ত কাগজপত্রও জমা দিতে বলা হয়। এই অবস্থায় আজ সোমবার মামলার শুনানি ছিল।
মতুয়া মহাসঙ্ঘের ক্ষমতার বিষয় নিয়ে শান্তনু ঠাকুর মামলা করেন। শান্তনু ঠাকুরের আইনজীবী আদালতে জানান, মতুয়া মহাসঙ্ঘ দায়িত্ব দেয়নি। বড়মা বীণাপানি দেবী মমতাবালা ঠাকুরকে দায়িত্ব দিয়েছেন বলে দাবি। হাইকোর্টে এই মামলা চলার মধ্যেই আয়কর নথি তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে মমতা লবালার তরফে। সেখানে এই মামলার বিষয় গোপন করা হয়েছে।
এদিন বিচারপতি বলেন, কার প্যান কার্ড কে ব্যবহার করছেন! এটাই তো স্পষ্ট নয়।
মমতাবালা তরফে জানানো হয় ২৩ মার্চ মহাসঙ্ঘের ট্রাস্টের প্যান কার্ড হারিয়ে গিয়েছে। এই নিয়ে ২৪ মার্চ থানায় অভিযোগ জানানো হয়েছে।
এদিন মমতাবালার আইনজীবীকে বিচারপতির হুঁশিয়ারি, কীভাবে এই প্যান কার্ড আর মোবাইল নম্বর যোগ হয়েছে? সেই নিয়ে পুলিশকে তদন্ত করতে দিতে পারি। সন্তুষ্ট না হলে অন্য কোনও এজেন্সিকে তদন্ত দেব। আপনার আবেদনের মধ্যেই অনেক প্রশ্ন থেকে গিয়েছে।
এরপরে আয়কর বিভাগকে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তথ্য দিতে হবে আদালতে।












Click it and Unblock the Notifications