Howrah: গুলিবিদ্ধ পুলিশ, গাড়ির ভেতর মহিলার মুখে রক্ত; হাওড়ায় জখম চণ্ডীতলা থানার IC
Howrah: এবার হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক। হুগলির চণ্ডীতলা থানার আইসি (Chanditala PS) গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত ১১টার পর হাওড়ার ঘোষপাড়ায় পেট্রল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলিবিদ্ধ হন পুলিশ আধিকারিক। পুলিশ অফিসারের বাঁ হাতে গুলি (IC Shot at) লেগেছে বলে জানা গিয়েছে।
কিন্তু কী কারণে গুলি? পুলিশ সূত্রে খবর, পুলিশের বোর্ড লাগানো গাড়িতে ওই পুলিশ আধিকারিকের সঙ্গে ছিলেন একজন মহিলা। জানা গিয়েছে, আহত পুলিশ আধিকারিকের নাম জয়ন্ত পাল। তার একটি নীল রঙের গাড়ি ছিল। তাতে একজন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। গাড়িটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বচসার জেরে সার্ভিস রিভলবার থেকে গুলি চলেছে বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বুলেট শেলও। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় শিবপুর ও ব্যাঁটরা থানায়। সঙ্গে সঙ্গে মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছয় ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ। জখম পুলিশ আধিকারিককে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই মহিলাকে। ওই মহিলার সঙ্গে আহত পুলিশ আধিকারিকের কী সম্পর্ক, তা খতিয়ে দেখছে পুলিশ। গুলি চলার ক্ষেত্রে মহিলার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহিলাকে। অন্যদিকে, হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আহত পুলিশ অফিসারকেও। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে হাওড়ায় এসেছিলেন আইসি। নেতাজি সুভাষ রোড দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরেই কোনও বিষয় নিয়ে গন্ডগোল শুরু হয়। কথা কাটাকাটির মাঝে আচমকাই সার্ভিস রিভলবার থেকে গুলি চলে। জয়ন্তর বাঁ হাতে লাগে গুলি। এরপর তাঁকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুলির আওয়াজ শুনে ছুটি আসেন স্থানীয়রাও।
তবে গাড়ির মধ্যে মহিলা থাকায় রহস্য বেড়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ির ভেতরেই বসে ছিলেন মহিলা। তার মুখেও রক্ত লেগে ছিল। ঘটনার পর স্থানীয়রা ছুটে গেলে, পুলিশের পরিচয়পত্র দেখিয়ে বিষয়টি নিজেদের মধ্যে সামলে নেওয়ার কথা বলা হয় বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর। তবে বৃহস্পতিবার সকালেও এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ। তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই। খোদ পুলিশকর্মীই এভাবে আহত হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?












Click it and Unblock the Notifications