কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১
কলকাতার পাটুলির ফুলবাগান এলাকায় পরপর গুলির শব্দে আতঙ্ক ছড়াল গোটা এলাকাজুড়ে। ছাদের আড্ডা মুহূর্তে রূপ নিল রক্তাক্ত ঘটনায়। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক যুবক, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও এক জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে সহ বেশ কয়েকজন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে বসে চলছিল আড্ডা। ঠিক তখনই, রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ আচমকাই ভেসে আসে পরপর তিন রাউন্ড গুলির শব্দ।

হঠাৎ এই গুলির আওয়াজে ছাদে উপস্থিতদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে যে যার মতো ছুটে পালান। এরই মধ্যে কেউ খবর দেন রাহুল দে এর পরিবারের সদস্যদের। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় ছাদে লুটিয়ে পড়ে রয়েছেন রাহুল। কাছেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন জিৎ মুখোপাধ্যায়।
দুজনকেই তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি, চিকিৎসকরা রাহুল কে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত জিৎ মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে সকালে পাটুলি থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেন এই গুলি চলল? এর নেপথ্যে কী কারণ? ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও চক্র সব দিক খতিয়ে দেখছে পুলিশ। রাতের কলকাতায় এমন দুঃসাহসিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।












Click it and Unblock the Notifications