নেতাইয়ে নিরীহ গ্রামবাসীদের মৃত্যু মেনে নিতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলায় মাওবাদী আন্দোলন এক চরম পর্যায়ে গিয়েছিল। পশ্চিম মেদিনীপুরের লালগড়, নেতাই, বিনপুর সহ জঙ্গলমহল এলাকা ছিল রণভূমি।
শশধর মাহাতো, কিষেণজির মতো প্রথম সারির মাওবাদী নেতারা সেই সময় পশ্চিমবঙ্গে জঙ্গলমহলে ঘাঁটি গেড়েছিলেন। নেতাই গণহত্যা তৎকালীন বাম সরকারের আমলে আরও এক সমালোচিত ঘটনা।

সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের পর তৎকালীন বাম সরকার যথেষ্ট সন্ধিহান। জনসমর্থন অনেকটাই সরে গিয়েছে। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে হার৷ ২০০৯ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক খারাপ ফল চিন্তায় রেখেছে আলিমুদ্দিন স্ট্রিটকে। সেই বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভয়াবহ আরও এক ঘটনা নেতাইতে দেখা যায়। ২০১১ সালের ৭ জানুয়ারি, 'নেতাই গণহত্যা'।
এই ঘটনা মেনে নিতে পারেননি স্বয়ং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সাধারণ মানুষের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল তাঁকে৷ কীভাবে, কেন এই ঘটনা ঘটল, জানতে চেয়েছিলেন তিনি। যথাযথ তদন্তের নির্দেশও দিয়েছিলেন।
সিপিএম নেতা রথীন দণ্ডপাট - এর বাড়ি থেকে গুলি চালানো হয়েছিল গ্রামবাসীদের উপর। সেই গুলিতে ৯ জন নিরীহ গ্রামবাসী মারা গিয়েছিলেন। বহু লোক আহত হন গুলিতে। মাওবাদীরা হামলা করেছে। এই ধারণায় সিপিএম নেতার বাড়ির ছাদ থেকে গুলি চালানো হয়েছিল। এমন কথাই উঠে আসে। মেদিনীপুরের লাল মাটি নিরীহ গ্রামবাসীদের রক্তে আরও লাল হয়েছিল।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও একবার দাবানলের মতো ক্ষোভের আগুন জ্বলে ওঠে। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার আরও একবার কাঠগড়ায় দাঁড়ায়। পুলিশ প্রশাসন কীভাবে কাজ করছে? সিপিএম নেতার বাড়িতে এত অস্ত্র মজুত থাকে কী করে? নিরীহ গ্রামবাসীদের উপর কেন গুলি চালানো হল? একাধিক প্রশ্নে বিদ্ধ হতে থাকে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার।
বাম সরকার বিরোধী রাজনীতিতে চাপে আগেই কোণঠাস হয়ে পড়েছিল। নেতাই গণহত্যা কার্যত বাম সরকারের পতনের রাস্তা হয়ে ওঠে। নেতাই গণহত্যা বাম সরকারের কফিনের শেষ পেরেক হিসেবে বিবেচিত হয়। সিঙ্গুর, নন্দীগ্রাম জমি আন্দোলন ও নেতাই গণহত্যা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে ব্যাকফুটে ফেলে দেয়।
২০১১ সালের নির্বাচনে ভরাডুবি হয় বামফ্রন্ট সরকারের। তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতে পশ্চিমবঙ্গের সরকারে আসে। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছর নির্বাচনে হেরে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সঙ্গে থাকা বিপুল জনসমর্থন বুদ্ধদেব ভট্টাচার্য হারিয়েছিলেন।












Click it and Unblock the Notifications