পুজোয় বৃষ্টি থেকে রক্ষা নেই! সপ্তমী থেকে দশমী বাংলার কোন জেলায় আবহাওয়া কেমন, একনজরে আপডেট
পুজোয় বৃষ্টি থেকে রক্ষা নেই! সপ্তমী থেকে দশমী বাংলার কোন জেলায় আবহাওয়া কেমন, একনজরে আপডেট
এবার পুজোয় বৃষ্টি থেকে রক্ষে নেই। ষষ্ঠীর সকালে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা। তবে সেই মেঘলা আকাশকে হেলায় উড়িয়ে সাধারণ মানুষের ভিড় মণ্ডপ থেকে মণ্ডপে। এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তমী থেকে দশমীর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও এদিন দুপুরের পর থেকে কখনও কলকাতা, কখনও পূর্ব মেদিনীপুর, কখনও পশ্চিম মেদিনীপুরে ঘন্টা দুয়েকের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া দফতর জানিয়েছে সাধারণের সুবিধার জন্য এই ধরনের নাওকাস্ট পুজোর দিনগুলিতে দেওয়া হবে।

উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস
- উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ও রবিবার অর্থাৎ ২ অক্টোবর সপ্তমীতে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- এরপর ৩ অক্টোবর অষ্টমী থেকে ৫ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস (সপ্তমী ও অষ্টমী)
- আবহাওয়া দফতরের তরফে এদিনের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ২ অক্টোবর সপ্তমীতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়।
- ৩ অক্টোবর অষ্টমীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস (নবমী ও দশমী)
- ৪ অক্টোবর নবমীতেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
- ৫ অক্টোবর দশমীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতার জন্য পূর্বাভাস
- এদিন কলকাতা ও আশপাশের এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। তবে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়।
- ২ ও ৩ অক্টোবর অর্থাৎ সপ্তমী ও অষ্টমীর দিন কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
- ৪ ও ৫ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিনও কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications