অভাবের তাড়নায় দুই কিশোরী মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর
মানসিক অশান্তির শিকার হয়ে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বাবা। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে হাওড়ার বাগনানের পিপুল্যানে।
হাওড়া, ৮ নভেম্বর : অভাবের তাড়নায় নিত্য অশান্তি লেগেইছিল পরিবারে। তার ওপর দুই মেয়ে বড় হচ্ছে বিয়ে দিতে হবে। মানসিক অশান্তির শিকার হয়ে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বাবা। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে হাওড়ার বাগনানের পিপুল্যানে।
পুলিশ জানিয়েছে, বাগনানের পিপুল্যানের বাসিন্দা বছর ৫৫-র জগদীশ আদক আসবাবপত্রের ব্যবসা করতেন। কিন্তু ইদানিং তাঁর ব্যবসায় চূড়ান্ত মন্দা চলছিল। তার জেরে বাজারে প্রচুর দেনা করে ফেলেছিলেন তিনি। পাওনাদাররা সম্প্রতি টাকা চাইতে শুরু করায় মানসিকভাবে খুব ভেঙেও পড়েছিলেন। বাড়িতে স্ত্রীর সঙ্গেও এনিয়ে প্রতিদিন অশান্তি লেগেইছিল।

তারপর সংসারে অভাব তো ছিলই। এদিকে মেয়েরাও বড় হচ্ছে। তাদের বিয়ের বন্দোবস্ত করতে হবে। কিন্তু এই অসহায় অবস্থায় তিনি কী করবেন, ঠিক করতে পারছিলেন না! শেষপর্যন্ত মেয়েদের বিষ খাইয়ে খুনের চেষ্টা চালিয়ে নিজেও আত্মহত্যার রাস্তা বেছে নেন।
সোমবার রাতে বড় মেয়ে শুভশ্রী (১৫) ও ছোট মেয়ে সাথী (১৩)-কে কীটনাশক খাইয়ে নিজেও সেই কীটনাশক খান বাবা জগদীশ। পাশের ঘরে ছিলেন স্ত্রী। তিনি প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে তিনজনের মুখ দিয়ে গাঁজলা বের হওয়ায় সন্দেহ হয়। সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকারেই প্রতিবেশীরা ছুটে আসেন।
তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁদের অবস্থার অবনতি হলে পাঠানো হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। তিনজনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ খতিয়ে দেখছে কী কারণ এই ঘটনা।












Click it and Unblock the Notifications