দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচন: মগরাহাট ও ডায়মন্ড হারবারের ১৫ বুথে শনিবার ফের ভোটগ্রহণ
দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথ রয়েছে। আগামী ২ মে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। শুক্রবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।
দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্রের মোট ৭৭টি বুথে নতুন করে ভোটগ্রহণের দাবি ওঠে। কমিশন সূত্রে জানা গেছে, ফলতা থেকে ৩২টি, ডায়মন্ড হারবার থেকে ২৯টি, মগরাহাট থেকে ১৩টি এবং বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছে। উল্লেখ্য, প্রথম দফার ভোটে এমন ব্যাপক সংখ্যক অভিযোগ ওঠেনি।

জমা পড়া অভিযোগগুলির মধ্যে ছিল ইভিএমে টেপ বা কালি লাগানো, এমনকী ভোটের ক্যামেরা রুমালে ঢেকে দেওয়ার মতো ঘটনা। পাশাপাশি, ভোটের একেবারে শেষ লগ্নে কমিশনে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগকারীরা জানান, ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা রেখে তাদের ভোট চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিম থেকেই এই গুরুতর অভিযোগ জমা পড়ে।
একের পর এক এমন অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন দ্রুত কঠোর পদক্ষেপ করে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বৃহস্পতিবার অভিযোগ ওঠা এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন এবং একটি বিস্তারিত রিপোর্ট জমা দেন। তিনি ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব দিলেও, কমিশন শেষ পর্যন্ত মগরাহাটের ১১টি ও ডায়মন্ড হারবারের ৪টি বুথেই পুনর্নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ফলতার বিষয়ে অবশ্য কোনো ঘোষণা করা হয়নি।












Click it and Unblock the Notifications