সুরুচি সংঘের এবছরের থিম 'উৎসব', মণ্ডপের ছাদজুড়ে থাকছে মেঘের চাঁদোয়া
শরতের পেঁজা তুলোর মেঘই বলে দেয় মা আসছে। সারাবছরই বাঙালি অপেক্ষা করে থাকে ঘরের মেয়ে গৌরীরর জন্য।
শরতের পেঁজা তুলোর মেঘই বলে দেয় মা আসছে। সারাবছরই বাঙালি অপেক্ষা করে থাকে ঘরের মেয়ে গৌরীরর জন্য। পুজোর কটা দিন সবাইকে নিয়ে কিভাবে কাটাবে এটাই থাকে এক মাত্র কামনা। এক বছর ধরে চলে এরই পরিকল্পনা। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে এবার ৬৬ বছরে সুরুচি সঙ্ঘের থিম 'উৎসব'।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে যখন এত আয়োজন, সেই ভাবনাই এবার উঠে আসছে সুরুচির ভাবনায়। ভাবনাকে সুপরিকল্পিতভাবে ভাবে বাস্তবের রূপ দিয়েছেন শিল্পী ভবতোষ সুতার। মাতৃরূপ থেকে গোটা পরিকল্পনার বাস্তবায়নে খামতি রাখেননি তিনি। প্রতিমা এখানে আবহমানের চিন্ময়ী। আটচালায় সপরিবারে অধিষ্ঠিতা। সর্বাঙ্গে সাবেকিয়ানার স্পর্শ।
কিভাবে সাজছে এবারের সুরুচি ? ভবতোষ বাবু জানান, জরাজীর্ণ বনেদি বাড়ি, কুঁড়েঘর আর অট্টালিকার মিশেলে উৎসবের চিরন্তন শামিয়ানা ফুটে উঠেছে এখানে। সবচেয়ে বড় আকর্ষণ থাকছে মেঘের চাঁদোয়া। মণ্ডপের ছাদজুড়ে থাকবে সেই চাঁদোয়া। রাতে তা আরও বাঙ্ময় হবে আলোর কারসাজিতে।
ভবতোষ বাবু আরও জানান, গোটা মণ্ডপজুড়ে ভেসে বেড়াবে আলোর তৈরি মেঘের ভেলা। এটাই সব চেয়ে বড় আকর্ষণ। এলইডি আলোয় তৈরি হবে রূপকথা। বাঁশ, কাঠ, কাপড়, ইট আর লোহায় একটু একটু করে গড়া হয়েছে এই উৎসবের উঠোন। তাতে তাল দিয়েছে তারজালের তৈরি ১ লক্ষ ৩০ হাজার বাক্স। হরেক গৃহশৈলীতে সেজেছে সুরুচি সংঘ।
মা যেভাবে নিজের হাতে ঘর সাজিয়ে নিজের রুচি আর আন্তরিকতার চাদর পাতেন সংসারে, এ যেন তেমনই ঘরকন্যা। যাক জমকে, জৌলুসে, আবহে, ঐশ্বর্যে সুরুচি সঙ্ঘের সেই আটপৌরে সংসারই অলৌকিক হয়ে উঠবে উৎসবের দিনগুলিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শ্রেয়া ঘোষাল, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়, দেবজ্যোতি বসুর মতো ব্যক্তিত্বরা যে পুজোয় সংস্কৃতির সঙ্গে মিলে থকবেন। গত ৪ বছরের মতো এবারও সুরুচির থিম সং মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। মুখ্যমন্ত্রীর লেখা গানে জিৎ গাঙ্গুলী সুরে জুড়ে শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠে মেতে উঠবে দক্ষিণ কলকাতার ক্রাউড-পুলার সুরুচি সংঘের উৎসব মন্ডপ।
তবে এবার ভিআইপি কার্ড দর্শকের তাই চিন্তায় পুজো উদ্যোক্তারা। তুলনামূলক ভাবে কলকাতায় চতুর্থী থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়, তাতেও দীর্ঘ লাইন সামলাতে হিমসিম খেতে হয়। তার ওপর ভিআইপি পাস নেই। তবে এবারও শত শত পুজোর ভিড়ে সুরুচি সঙ্ঘই যে শহরের শো-স্টপার হবে তা নিয়েই আশাবাদী সুরুচি।












Click it and Unblock the Notifications