আদিবাসীরা বিশ্বাস করেন না মমতাকে! ঋতব্রতকে দায়িত্ব দেওয়া ‘স্টান্ট’, তোপ দিলীপের
সিপিএমের বহিষ্কৃত সাংসদকে আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ‘স্টান্ট’ বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সিপিএমের বহিষ্কৃত সাংসদকে আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে 'স্টান্ট' বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ঋতব্রতর আদিবাসী উন্নয়ন সম্পর্কে কী ধারণা আছে, তা আমার অন্তত জানা নেই। মুখ্যমন্ত্রীর এই উন্নয়ন-ভাবনা সম্পূর্ণ লোক দেখানো।

দিলীপ ঘোষ বলেন, আমি জঙ্গলমহলের মানুষ, আদিবাসীদের সঙ্গে বড় হয়েছি, তাঁদের সঙ্গে খেলাধূলা করেছি। আমি বুঝি, তাঁরা কী চান, জঙ্গলমহলের মানুষেরা বোঝেন তাঁদের চাওয়া। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ কী করে জানবেন-বুঝবেন আদিবাসীদের যন্ত্রণা! সবই তো চোখ দিয়ে দেখা যায় না, উপলব্ধি করতে হয়। তাই মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে অন্তত সমর্থন করতে পারছি না।
এ প্রসঙ্গেই দিলীপ বলেন, মুখ্যমন্ত্রী তো প্রতি মাসে একবার করে হলেও জঙ্গলমহলে যান। কিন্তু সেখানকার মানুষের চাওয়া-পাওয়া বুঝতে পারেননি। তিনি যদি বুঝতে পারতেন, তাহলে জঙ্গলমহলের মানুষ তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মানুষ বিশ্বাস করেন না।

তাই তিনি আদিবাসী উন্নয়নে যতই সচেষ্ট হোন না কেন, আখেরে কোনও লাভ হবে না। হুগলির শ্রীরামপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিপিএম থেকে বহিষ্কৃত একজন নেতাকে আদিবাসী কমিটিতে রেখে দলে টানতে চাইলেন মুখ্যমন্ত্রী। এটি সব দিক থেকেই মুখ্যমন্ত্রীর অসফল প্রয়াস হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।












Click it and Unblock the Notifications