RG Kar Incident: মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী! টাকা দেওয়ার প্রস্তাব এসেছিল, দাবি অভয়ার মায়ের
RG Kar Incident: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এক মাস পূর্ণ হওয়ার দিনেই ফের বিতর্ক। নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও তিলোত্তমার মা তার জবাব দিতে দেরি করেননি। সাফ জানিয়ে দিলেন, মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রীই।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের সময় বলেন, আরজি কর কাণ্ড নিয়ে সঠিক কথা বলা হচ্ছে না। নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার কথা বলা হয়নি। তিনি টাকা দেওয়ার কথা বলেছেন, তার প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্মৃতিরক্ষায় কিছু করতে গেলে তাতে সাহায্য করার কথা বলা হয়েছিল।
যদিও সংবাদমাধ্যম, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় মমতার ১৪ অগাস্ট বেহালায় বলা কথা। যাতে আজকের দাবির সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় সেদিনের পাশাপাশি আজকের বক্তব্য পাশাপাশি রেখে দাবি করেন, মিথ্যাচার করছেন মমতাই।
১৪ অগাস্ট মুখ্যমন্ত্রী যেমন তিলোত্তমার স্মৃতিরক্ষায় আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, তেমনই বলেছিলেন ক্ষতিপূরণ হিসেবে আমরা ১০ লক্ষ টাকা দিতেই পারি। নির্যাতিতার পরিবার সেই টাকা নিতে চাননি বলেও জানিয়েছিলেন মমতা। আজ অবশ্য তিনি দাবি করেন, টাকা দেওয়ার কথা বলা হয়নি।
আরজি করে ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসকের মা বলেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। তিনি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন। মেয়ের স্মৃতিরক্ষায় কিছু করতেও বলেছিলেন। আমি তাঁকে বলেছিলাম, আমার মেয়ে ন্যায়বিচার পেলে আপনার অফিসে গিয়ে ক্ষতিপূরণ নেব।
আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে মমতা আজ বলেছেন, উৎসবে ফিরুন। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নির্যাতিতার মায়ের কথায়, আমিও এক কন্যাসন্তানের মা। আমার কাছে এই বক্তব্য অমানবিক বলে মনে হয়েছে। আমি সন্তান হারিয়েছি। তবে মানুষ যদি দুর্গাপুজোর উৎসবে ফিরতে চান, তাঁরা যেতেই পারেন।
অভয়ার মা আরও বলেন, আমার পরিবারেও দুর্গাপুজোর আনন্দ, উৎসব হতো। আমার মেয়ে তাতে থাকতো। কিন্তু আমাদের জীবনে নেমে এসেছে অন্ধকার। ফলে এই সময় আমি কীভাবে বলতে পারি সকলকে উৎসবে মেতে উঠতে? যদি এমন ঘটনা তাঁর পরিবারে ঘটতো তাহলে কি একইভাবে এ কথা বলতে পারতেন মুখ্যমন্ত্রী?
নির্যাতিতার মায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় চান এই আন্দোলন থামিয়ে দিতে, দমন করতে। আমার মেয়েকে খুন করা হয়েছে। তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। আমরা যতদিন ন্যায়বিচার না পাই, ততদিন পথেই থাকব।












Click it and Unblock the Notifications