বুদ্ধবাবুর সারথী ছিলেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত ওসমান হেঁটে এলেন প্রতিকূলতা ভুলে
বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সওয়ারি। আর তিনি ছিলেন সারথী৷ কিন্তু সওয়ারি, চালক সম্পর্ক তো ছিল না। একে অপরের হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষ নি:শ্বাস ত্যাগ করেছিলেন।
সেই মৃত্যুর খবর শুনে ছটফট করে উঠেছেন মহম্মদ ওসমান। তাকে যেতেই হবে বুদ্ধবাবুর কাছে। কিন্তু যাবেন কীভাবে? তার শরীর তো এখন আর সচল নয়। দীর্ঘ কয়েক দশকের বুদ্ধবাবুর অন্যতম সঙ্গী এই ওসমান। দুধ সাদা রঙের এম্বাসাডর গাড়িতে চলাচল করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওসমান ছিলেন সেই গাড়িরই চালক।

ওসমান নিজে এখন অসুস্থ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত৷ অপরের সাহায্য ছাড়া চলাফেরা পর্যন্ত করতে পারেন না৷ সব প্রতিকূলতাকে পিছনে ফেলে এদিন ওসমান পৌঁছে গিয়েছিলেন পাম এভিনিউর বাড়িতে৷ পদ্মপুকুর থেকে অন্যের সাহায্যে হেঁটে এসেছেন তিনি।
১৯৮২ সালে বুদ্ধদেব ভট্টাচার্যর গাড়ির চালক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন ওসমান। ২০১৬ সালে সরকারি কর্মী হিসেবেই তিনি অবসর নিয়েছিলেন। ২০১১ সালের পর থেকে আর সরকারি গাড়ি চড়েননি বুদ্ধদেব ভট্টাচার্য। ফলে দেখা - সাক্ষাৎ, যোগাযোগ কমে গিয়েছিল অনেকটাই৷
মহম্মদ ওসমান কথা পর্যন্ত এখন ঠিকভাবে বলতে পারেন না। প্রিয় মানুষের মৃত্যুশোকে তিনি মুহ্যমান। বুদ্ধবাবু ওসমানকে 'আপনি' সম্বোধনই করতেন সব সময়৷ কোনওদিন এত টুকু সম্মানে লাগা কথা বলেননি। স্মৃতির সেই সব দিনে আজ হারিয়ে গিয়েছেন মহম্মদ ওসমান।












Click it and Unblock the Notifications