এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ভুয়ো পোস্ট! গ্রেফতার বিজেপি কর্মী
স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে আগামী রবিবার। এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবার প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভুয়ো পোস্ট করে পুলিশের জালে অরিন্দম পাল নামের এক ব্যক্তি।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে আজ ফেসবুকে এ কথা জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নজরদারিতে একটি ফেসবুক পোস্ট নজরে আসে। যেখানে অরিন্দম পাল (Arindam Pal) নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন এসএলএসটি (SLST) পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর, পরীক্ষার দু'দিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছেন। ওই পোস্টে ওই ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে যে, ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতে এবং ওই ব্যক্তি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করতে এবং সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের মধ্যে প্রশাসন, সরকারি পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপচেষ্টা করা হয়েছে।
এরপরই অরিন্দমকে শনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের তরফে আবেদন করা হয়েছে, এরকম মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট সামাজিক মাধ্যমে যে কোনও ক্ষেত্রে যথেচ্ছভাবে পোস্ট না করার জন্য। মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকতেও বলা হয়েছে। নচেৎ আইনত ব্যবস্থার সম্মুখীন হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
ওই পোস্টে লেখা হয়েছিল, পরীক্ষায় পাস করতে চাকরি পাওয়ার জন্য ১৪ লক্ষ টাকা দাবি করা হয়েছিল ফোন করে। মুর্শিদাবাদ থেকে বর্ধমান গিয়ে টাকা দিলে প্রশ্নপত্র ও উত্তরপত্র পাওয়া যাবে, তা মুখস্থ করতে হবে। পরীক্ষার পরদিন ৫০ হাজার টাকা, ইন্টারভিউয়ের সময় ৮ লক্ষ টাকা ও বাকিটা চাকরি পাওয়ার পর দিলেই হবে বলেও জানানো হয়। ফের কি তাহলে প্রতারণা হবে? প্রশ্নপত্র লিক হয়ে যাবে? এমন প্রশ্নও তোলা হয়। যদিও এই গোটা পোস্টটি ভুয়ো বলে দাবি করে পুলিশ গ্রেফতার করেছে অরিন্দমকে।
পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই অরিন্দমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অরিন্দমকে গ্রেফতারও করা হয়। বছর তিরিশের অরিন্দম গৃহ শিক্ষকতা করেন। তিনি বিজেপির কর্মী বলে স্থানীয়দের দাবি। অরিন্দমের পোস্টে সরকার-বিরোধিতার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নানা ছবি ও ভিডিও ক্লিপিংস পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications