প্রবীণদের পাশে দাঁড়াতে নির্দেশ জেপি নাড্ডার! সাহায্য কীভাবে তা নিয়ে বিজেপির রাজ্য পর্যায়ে আলোচনা
রাজ্যের অসহায় প্রবীণদের পাশে দাঁড়াতে নির্দেশ জেপি নাড্ডার! সাহায্য কীভাবে তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে
লকডাউন পরিস্থিতিতে রাজ্যের ৩০ লক্ষ পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিল বিজেপি। এবার দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রবীণ ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছেন বিজেপি নেতা কর্মীরা। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দেওয়া নির্দেশ অনুযায়ী, প্রবীণ ব্যক্তিদের বাজার থেকে দোকানপাট সবই বিজেপি কর্মীরা করে দেবেন।

সংগঠন নিয়ে ভিডিও কনফারেন্স
শনিবার রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই ভিডিও কনফারেন্সে হাজির ছিলেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। রাজ্যের তরফে এই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও হাজির ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসুর মতো নেতারা।

জেপি নাড্ডার নির্দেশ
জানা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নির্দেশ দিয়েছেন, বিজেপি কর্মীদের রাজ্যের অসহায় প্রবীণদের পাশে দাঁড়াতে হবে। কেননা লকডাউনের জেরে সাধারণ মানুষ ঘরের মধ্যে আটকে। আরও খারাপ অবস্থা প্রবীণ নাগরিকদের।

এলাকার প্রবীণ নাগরিকদের তালিকা তৈরি
শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরেই বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে বুথস্তরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার প্রবীণ ব্যক্তিদের তালিকা তৈরি করতে। এক্ষেত্রে সক্ষম প্রবীণদের বাজার করে দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে অক্ষমদের প্রয়োজনীয় জিনিসপত্র দলের তরফে কিনে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আটকে পড়া বাঙালিদের জন্যও ব্যবস্থা
ভারতের বিভিন্ন জায়গায় আটকে পড়া বাঙালিদের জন্যও উদ্বিগ্ন রাজ্য বিজেপি নেতৃত্ব। এই সব আটকে পড়াদের জন্য যোগযোগ শুরু করেছেন বিজেপি সাংসদরা। যেসব এলাকার মানুষ আটকে পড়েছেন, সেইসব এলাকার সাংসদরা, আর যেসব এলাকায় সাংসদ নেই সেসব এলাকার বিজেপি নেতারা এব্যাপারে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গিয়েছে।

বিজেপি সভাপতির আগের নির্দেশ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নির্দেশ দিয়েছেন, প্রতিটি বিজেপি নেতা-কর্মীকে ৫ টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে। এব্যাপারে রাজ্য বিজেপির তরফে নির্দেশিকায় বলা হয়েছে দুভাবে সাহায্য করা যেতে পারে। এক্ষেত্রে চাল, ডাল, আনাজ দেওয়া যেতে পারে কিংবা রান্না করা খাবারও দেওয়া যেতে পারে। ওই নির্দেশিকায় রাজ্যের ৩০ লক্ষ পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications