চক্রান্ত নয়, দুর্ঘটনার কবলেই পড়ছিলেন মমতা! নন্দীগ্রামের কাণ্ডে নবান্নের রিপোর্ট ঘিরে জল্পনা তুঙ্গে
নবান্নের রিপোর্টে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কারণ হিসেবে ভিড়ের উল্লেখ করলেন মুখ্যসচিব৷ ওই রিপোর্টে অজ্ঞাত পরিচয় চার-পাঁচ জনের হামলার বিষয় উল্লেখ করল না নবান্ন। শুক্রবার নির্বাচন কমিশনের নির্দেশে বুধবারের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয় নবান্নের তরফে। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে রিপোর্ট জমা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

ভিড়ের কথা উল্লেখ করা হলেও উধাও চক্রান্তের তত্ত্ব
নবান্ন সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় ভিড়ের কথা উল্লেখ করা হলেও অজ্ঞাতপরিচয় চার-পাঁচ জনের বিষয় কিছু জানানো হয়নি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, ওইদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর হামলার চক্রান্ত করা হয়েছিল।

'চার-পাঁচজনের ধাক্কাধাক্কির কারণেই ওই দুর্ঘটনা ঘটে'
তৃণমূলের অভিযোগ, অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের ধাক্কাধাক্কির কারণেই ওই দুর্ঘটনা ঘটে। সবটাই ছিল পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। যদিও বিরোধীরা গোটা বিষয়টিকে মুখ্যমন্ত্রীর নাটক বলে কটাক্ষ করেছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ আবার বলেছেন, মুখ্যমন্ত্রীর গাড়ি দু-টি পোস্টে ধাক্কা খাওয়াতেই ওই ঘটনা ঘটেছে। এসবের মাঝে নবান্নের কাছে দুর্ঘটনার কারণ জানতে চায় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেয় নবান্ন
এদিন নির্বাচন কমিশনে সেই রিপোর্ট জমা দেয় নবান্ন। যেখানে ভিড়ের কথা উল্লেখ করা হলেও অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের হামলার প্রসঙ্গ এড়িয়ে গেল নবান্ন। উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার ঘণ্টা দুয়েকের মধ্যে তাঁকে কলকাতায় আনা হয়৷ ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে৷ শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়৷

হাসপাতালের বেডে শুয়ে কি বিশ্রাম নিলেন?
মাঝে কেটে গিয়েছে ৪৮ ঘণ্টার কিছুটা কম সময়৷ এই সময়ের মধ্যে শুরুর দিকে কয়েকঘণ্টা কেটে যায় তৃণমূল নেত্রীর চিকিৎসার জন্য৷ তাই অনেকেই জানতে চাইছেন বাকি সময়টাই কী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? হাসপাতালের বেডে শুয়ে কি বিশ্রাম নিলেন? বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তোলার জন্য শক্তি সঞ্চয় করে রাখলেন?

অসুস্থতা কাবু করতে পারেনি তৃণমূল নেত্রীকে
তৃণমূল কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, হাসপাতালে তাঁকে চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছিলেন৷ কিন্তু অসুস্থতা কাবু করতে পারেনি তৃণমূল নেত্রীকে৷ হাসপাতালের বেডে শুয়েই চালিয়েছেন বৈঠক৷ দলের শীর্ষস্তরের নেতাদের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করেছেন৷ প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন৷












Click it and Unblock the Notifications