টাটা গোষ্ঠীকে বাংলায় ফেরাবেন! শিল্পমন্ত্রীর দায়িত্ব নিয়েই আত্মবিশ্বাসী ঘোষণা তাপস রায়ের
শিল্প দফতরের দায়িত্ব নিয়ে রাজ্যের শিল্পায়ন এবং টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন নবনিযুক্ত মন্ত্রী তাপস রায়। তাপসের এই মন্তব্যের পর নতুন করে আশায় বুক বাঁধল সিঙ্গুরবাসী। তবে টাটা গোষ্ঠী পুনরায় সিঙ্গুরেই বিনিয়োগ করবে কি না, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য অবশ্য দেননি মন্ত্রী তাপস।
শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন যে, তাঁর প্রধান লক্ষ্য হবে বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গমুখী করা। যেসব শিল্পোদ্যোগী অতীতে রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁদের ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন তিনি। সেই তালিকায় টাটা গোষ্ঠী যে অন্যতম অগ্রাধিকার, তা-ও স্পষ্ট করেছেন মন্ত্রী। শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। এর আগে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও টাটা গোষ্ঠীকে রাজ্যে ফেরানোর বিষয়ে সরব হয়েছিলেন। সেই সুরেই সুর মিলিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়।

এই প্রসঙ্গে তাপস রায় বলেন, "টাটা গোষ্ঠীকে রাজ্যে আনতেই হবে। আজ রতন টাটা বেঁচে থাকলে আমি নিজে তাঁর কাছে গিয়ে সবিনয় অনুরোধ করতাম, যাতে তিনি বাংলায় বিনিয়োগ করেন। টাটাকে ফেরানোর লক্ষ্যে প্রয়োজন হলে আমি সরাসরি তাঁদের সদর দফতরে গিয়ে আলোচনা করব। শুধু টাটা নয়, আরও যেসব বিনিয়োগকারী রাজ্য ছেড়ে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব।"
তাপস রায় অভিযোগ করেন, "পূর্বতন সরকার কেবল নিজেদের স্বার্থ ও একটি নির্দিষ্ট পরিবারের বৈভব বৃদ্ধির দিকে মনোযোগী ছিল, রাজ্যের শিল্পোন্নয়নের দিকে তাদের নজর ছিল না।" প্রসঙ্গত, বাম আমলে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির পরিকল্পনা নিয়ে এসেছিল টাটা গোষ্ঠী। জমি অধিগ্রহণ নিয়ে সে সময় তীব্র আন্দোলনের জেরে শেষপর্যন্ত টাটা গোষ্ঠী রাজ্য ছেড়ে চলে যায়, যা নিয়ে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে দীর্ঘ প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। পরবর্তীকালে তৃণমূল আমলে সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরের জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হয়। নতুন রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে ফেরাতে বদ্ধপরিকর। এখন দেখার সেই স্বপ্ন সফল হয় কিনা।












Click it and Unblock the Notifications