পাখির চোখ ২০২১-র বিধানসভা, অগাস্টের মধ্যে স্থায়ী মালিকানা ১১৯ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের
পাখির চোখ ২০২১-র বিধানসভা, অগাস্টের মধ্যে স্থায়ী মালিকানা ১১৯ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের
দেশজোড়া নাগরিকত্ব সংকটের মাঝে মার্চেই রাজ্যের শরণার্থীদের পাশে দাঁড়াতে একাধিক উদ্যোগ নিতে দেখা যায় তৃণমূল সরকারকে। সেই সময়েই কেন্দ্র সরকার বা ব্যক্তিগত মালিকানার জমিতে গড়ে ওঠা ১১৯টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির 'ফ্রি-হোল্ড’ দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রীসভা। সূত্রের খবর, বর্তমানে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আগস্টেই এই কাজ পুরোপুরি সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।

বিধানসভা ভোটের আগে বিজেপি ঘায়েল করতে মাঠে নামছে তৃণমূল
এদিকে ২০২১-র বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপিও। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে ভার্চুয়াল সভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তায় পৌঁছে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা এনআরসি-সিএএ ইস্যুতে যখন দেশজোড়া বিতর্কের মুখে পড়েছে কেন্দ্রের শাসক দল। তখন ১১৯ উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের হাতে জমির স্থায়ী মালিকানা তুলে দিয়ে পাল্টা চাল দিতে চাইছে রাজ্য সরকারও।

এর আগেই ৯৪টি উদ্বাস্তু কলোনির জমি জট কাটানো হয় সরকারি উদ্যোগে
প্রসঙ্গ, গত ২৩শে মার্চ উত্তরবঙ্গের কালিয়াগঞ্জের জনসভা থেকে ১১৯টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের হাতে নিঃশর্ত দলিল তুলে দেওয়ার কথা ঘোষণা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেই মাঠে নামে আইন ও উদ্বাস্তু পুনর্বাসন দফতর। দল তৈরি করে শুরু হয় কাজ। এদিকে চলতি বছরের শুরুতেই মন্ত্রীসভার বৈঠকে রাজ্য সরকারি জমিতে থাকা ৯৪টি উদ্বাস্তু কলোনির জমির জট কাটানো হয়েছিল। প্রায় সাড়ে ১৩ হাজার পরিবারকে জমির মালিকানা (ফ্রি হোল্ড টাইটেল ডিড) দেওয়ার প্রক্রিয়া শুরু করে সরকার।

লকডাউন শেষ হতেই জোরকদমে চলছে মাপজোকের কাজ
এদিকে লকডাউনের জেরে মাঝপথে সেই কাজ খানিক থমকালেও লকডাউন খানিক শিথিল হতেই আবারও পুরোদমে কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। জোরকদমে চলছে জমির মাপজোকের কাজও। আগামী অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যেই যাতে পুরো কাজ শেষ হয় সেই জন্য কড়া নির্দেশও এসেছে তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে। কারণ লক্ষ্য একটাই। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা বিধানসভা ভোটেরা প্রাক্কালে যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রচার চালাবে রাজ্য বিজেপি তখন শরণার্থীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের এই পদক্ষেপ তৃণমূলী রাজনীতিতে অনেকটাই অক্সিজেন জোগাবে।

স্থায়ী ঠিকানা পাচ্ছেন ২১৩টি কলোনির বাসিন্দারা
এদিকে দুই ২৪ পরগনা, নদীয়া, মালদহ-সহ মোট ১২টি জেলায় উদ্বাস্তু কলোনি রয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে ২৬ হাজার পরিবারের দেড় লক্ষ মানুষ উপকৃত হবেন বলেও জানান তিনি। সূত্রের খবর, এরফলে রাজ্যের মোট ২৩৭টি উদ্বাস্তু কলোনির মধ্যে এখনও পর্যন্ত ২১৩টির বাসিন্দাদের স্থায়ী ঠিকানা ভারতীয় নাগরিক হিসাবে যাবতীয় অধিকার প্রতিষ্ঠিত হবে। পরবর্তীতে বাকী ২৪টি কলোনির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications