কলকাতাকে বাঙালির শহর বানাতে চাই, গৌরবের বাংলা ভাষা সর্বত্র ব্যবহারের দাবি বাংলা পক্ষের
আমরি বাংলা ভাষা। এই বাংলা ভাষাই তো মোদর গরব, মোদের আশা। বাংলার এই গৌরবকে সযত্নে লালিত করার দাবি তুলল বাংলা পক্ষ। কলকাতা ৮৬ শতাংশ বাঙালির রাজ্য। বাংলার রাজধানী। সেই কলকাতা পুরসভার কাজে কেন বাংলা ভাষা চালু হবে না, প্রশ্ন তুলে ডেপুটেশন দিল বাংলা পক্ষ।

চাকরির পরীক্ষায় বাংলা ভাষা
কলকাতা পুরসভায় বাংলা পক্ষের ডেপুটেশনে দাবি করা হয়, কলকাতা পুরসভায় অন্তর্গত সমস্ত এলাকায় যাবতীয় বোর্ডে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। সার্টিফিকেট প্রদানের থেকে তথ্য যাচাই, রাজ্যের স্থায়ী নাগরিকদের হকার লাইসেন্স বা চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে।

বাংলার জন্য, বাংলার মানুষের জন্য দাবি
সেইসঙ্গে বাংলা পক্ষ দাবি করেছে, কলকাতা পুরসভার চাকরি ও কাজে বাঙালি তথা ভূমিপুত্রদের অধিকার সুনিশ্চিত করা দরকার। এমন চার দফা দাবিতে কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমারের কাছে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ। বাংলা পক্ষের এই দাবি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য।

বাংলা পক্ষের প্রতিনিধিরা পুরসভার দরবারে
বাংলা পক্ষের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়। তাঁরা জানান, কলকাতা পুরসভার কমিশনারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দাবিগুলো নিয়ে।

পুর পরিষেবাকে আরও নাগরিকমুখি করার দাবি
এদিন পুর পরিষেবাকে আরও নাগরিকমুখি করার দাবিও তোলা হয় বাংলার পক্ষ থেকে। মাননীয় পুর কমিশনারের কাছে তাঁরা পেশ করেন চার দফা দাবি। সেই দাবির সমর্থনে যুক্তি দেন। তা নিয়ে আলোচনা করেন। পুর কমিশনার তাঁদের দাবি বিবেচনা করবেন বলেও জানান।

প্রসঙ্গ প্রথম দফা দাবি
গ্রাম বাংলার বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বহু মানুষ কলকাতায় আসেন।কিন্তু কলকাতার বিভিন্ন রাস্তার নাম ফলকে বাংলা না থাকায় তাঁরা রাস্তার নাম পড়তে পারেন না। একইভাবে কলকাতা পুরসভার বিভিন্ন বিজ্ঞাপনে বাংলা না থাকায় সাধারণ মানুষের কাছে সেগুলি অবোধ্য হয়ে থাকে।
প্রথম দফা দাবিতে বাংলা পক্ষ আরও জানায়, কলকাতার প্রতিটি সরকারি-বেসরকারি নামফলক ও বিজ্ঞাপনের বোর্ডে বাধ্যতামূলকভাবে সব থেকে বড় অক্ষরে বাংলা রাখতে হবে। কলকাতা পুরসভার এই বিষয়ে নির্দেশ থাকলেও বাস্তবে অনেকক্ষেত্রেই সেটি মানা হয় না। তা যাতে মানা হয়, তা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গ দ্বিতীয় দফা দাবি
কলকাতার বুকে ব্যাপকভাবে 'হকার' বেড়ে যাওয়ায় নাগরিকদের জন্য জটিল সমস্যা সৃষ্টি করেছে। হকার লাইসেন্স বা কার্ড দেওয়ার ক্ষেত্রে উক্ত ব্যবসায়ী রাজ্যের স্থায়ী বাসিন্দা কি না, তার আবশ্যিক পরীক্ষা করার আবেদন জানাচ্ছি।
আমাদের দাবি, একমাত্র রাজ্যের ভূমিপুত্রদেরই রাজধানী শহরের ফুটপাতে ব্যবসা করা অধিকার দেওয়া হোক। হকাররা যেন বাংলা ভাষা বলতে, লিখতে ও পড়তে সক্ষম হয়। আবশ্যিকভাবে সেই দিকে নজর দেওয়ার দাবি তোলেন বাংলা পক্ষের সদস্যরা।

প্রসঙ্গ তৃতীয় দফা দাবি
পুরসভার চতুর্থ শ্রেণির চাকরি-সহ সমস্ত পদগুলি শুধুমাত্র ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ করতে হবে। প্রতিটি চাকরির ক্ষেত্রে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয় তাঁদের দাবিতে। ভূমিপু্ত্রদের জন্য তার আবশ্যকতা জরুরি বলে মনে করে বাংলা পক্ষ।

প্রসঙ্গ চতুর্থ দফা দাবি
প্রতিটি ক্ষেত্রে পুরসভা কর্তৃক ডোমেসাইল সার্টিফিকেট প্রদানের সময় আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করতে হব। ডোমেসাইল সার্টিফিকেট প্রদান করার এই বিষয়টি নিশ্চিত করার দাবি তোলা হয় বাংলা পক্ষের তরফে। তাঁরা জানান, আশা করি কলকাতা পুরসভার মেয়র এবং পুর কমিশনার উপরোক্ত দাবিগুলি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

বাঙালির শহর বানাতে চাই কলকাতাকে
বাংলা পক্ষের তরফে জানানো হয়, আমাদের তিলোত্তমা কলকাতা শহর দখল হয়ে যাচ্ছে। সেই দখল হয়ে যাওয়া কলকাতা শহরকে আমরা আবারও বাঙালির শহর বানাতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমাদের লড়াই। এদিনেপ ডেপুটেশনও সেই লড়াইয়ের অঙ্গ। এই লড়াই চালিয়ে যাবে বাংলা পক্ষ।












Click it and Unblock the Notifications