বিজেপি একটা জালিয়াতির দল, মোদী গরিবদের লাইনে দাঁড় করাতে ভালোবাসেন, মন্তব্য অভিষেকের
ওরা শুধু মিথ্যে কথা ছড়ায়। বিজেপি একটা জালিয়াতির দল। ওখানে ভালো মানুষ নেই-ওটা গুণ্ডা আর অসভ্য লোকে ভর্তি। এমনকী শ্লীলতাহানির অভিযোগ আছে এমন লোককেও ওরা প্রার্থী করেছে। আজ তালড্যাংরার বিবড়দা কলেজ মাঠের জনসভায় এই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, মোদী সরকার আসার আগে আর পরে দেশের অবস্থা কী হয়েছে দেখুন। রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা হয়েছে। চায়ের দাম ১৫০ থেকে ৪০০, দুধের দাম ২৮ থেকে বেড়ে ৬০-৬২ টাকা হয়েছে। ৫ টাকার প্ল্যাটফর্ম টিকিট এখন ৩০ টাকা। কেরোসিনের দাম ১৪ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। টমেটো ২০ টাকা থেকে ৪০ টাকা। একদিকে মোদী আপনাদের লুঠ করছেন, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দু'হাত ভরে দিচ্ছেন।

অভিষেকের কথায়, প্রধানমন্ত্রী মোদী গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে ভালোবাসেন-সে নোটবন্দি হোক বা গ্যাস বা SIR। আগামী দিনে আপনারা লাইনে দাঁড়িয়ে ব্যালট বা ইভিএমে এর গণতান্ত্রিক জবাব দিন। হরমাসড়া, পাঁচমুড়া, তালড্যাংরা এবং ব্রজরাজপুর-এই চারটি অঞ্চলেই তৃণমূলকে জেতাতে হবে। গতবার আমরা এখানে পিছিয়ে ছিলাম, কিন্তু এবার এমনভাবে জেতান যাতে আগামী ১০০ বছর বিজেপি এখানে প্রার্থী খুঁজে না পায়।
অভিষেক আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই রাস্তা তৈরি করেছেন, জল ও ঘরের টাকা দিচ্ছেন। বিজেপি কিচ্ছু করেনি। আমি চ্যালেঞ্জ করছি, গরিবের জন্য এক পয়সাও খরচ করে থাকলে ওরা শ্বেতপত্র প্রকাশ করে দেখাক। ১০০ দিনের কাজের টাকা ওরা বন্ধ করে ২ কোটি ৭৪ লক্ষ মানুষের পেটে লাথি মেরেছে। এদের উপড়ে ফেলতে হবে। আপনারা যে ভালোবাসার ঋণে আমায় বেঁধেছেন, আমি উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করার কথা দিচ্ছি।












Click it and Unblock the Notifications