শুভেন্দু'র কনভয়ে থাকা যাত্রীদের নোটিশ পাঠাচ্ছে পুলিশ, নেতৃত্বকে 'বড়' নির্দেশ অভিষেকের
শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরেই কার্যত উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে এই ঘটনায় বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে পথে নেমেছে তৃণমূল। সকাল থেকেই চলছে বিক্ষোভ।
অন্যদিকে এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে চন্ডীপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও। ধৃত ওই ব্যক্তির নাম আনন্দ কুমার পান্ডে বলে জানা গিয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারকের। অন্যদিকে এই ঘটনায় বিরোধী দলনেতার কনভয়ে থাকা প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আর এই মর্মে নোটিশও পুলিশের তরফে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

যদিও এখনও পর্যন্ত কোনও নোটিশ পুলিশের তরফে যায়নি বলেই শুভেন্দু অধিকারী সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনায় আইন মেনে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে ময়দানে তৃণমূল নেতৃত্ব। ঘটনার পরেই মৃত ওই যুবকের বাড়িতে পৌঁছে গিয়েছেন দোলা সেন সহ একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
সবরকম ভাবে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা। অন্যদিকে বিষয়টি নিয়ে খোদ বিরোধী দলনেতার বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় দলীয় নেতাদের শোকাহত পরিবারকে সব ধরনের সহায়তা যেন করা হয় সেই বার্তা দিয়েছেন।

পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছে। তবে বিজেপির দাবি, মৃত্যু কখনই কাম্য নয়। কিন্তু অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
জানা গিয়েছে, কাঁথি ফেরার সময়ে বিরোধী দলনেতার কনভয়ে থাকা একটি গাড়ি স্থানীয় এক যুবককে ধাক্কা মারে বলে অভিযোগ স্থানীয়দের। মৃত ওই যুবকের নাম সেক ইসরাফিল বলে জানা গিয়েছে। বাড়ি চণ্ডিপুর থানার ভৈরবপুর গ্রামে।

অন্যদিকে বিরোধী দলনেতা ঘনিষ্টদের সূত্রে জানা গিয়েছে, ঘটনার অনেক আগেই শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়েছিলেন। অনেক দূরে একটি বুলেট প্রুফ গাড়ি ছিল তাতে এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এর আগেও বিরোধী দলনেতার যাত্রাপথে নিরাপত্তা ঢিলে ঢালা থাকে। আগেও দুর্ঘটনার মধ্যে পড়েছে তাঁর কনভয়।
তবে দুর্ঘটনার এই বিষয়ে শুভেন্দু অধিকারী কিছুই জানতেন না বলে দাবি ঘনিষ্ঠদের। তবে এই বিষয়ে এখনও মন্তব্য পাওয়া যায়নি বিরোধী দলনেতার।












Click it and Unblock the Notifications