উত্তর ও দক্ষিণে কুয়াশার চাদর, কলকাতা সহ রাজ্যজুড়ে নতুন বছরে আবহাওয়ার চমক
বর্ষবরণের মুহূর্তে বাংলার আকাশে ভিন্ন ভিন্ন রূপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্পষ্ট উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা ও উষ্ণতার সামান্য উর্ধ্বগতি। নতুন বছরের শুরুতেই তাই আবহাওয়ায় 'ইউ টার্ন'।উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বর্ষবরণ হতে পারে তুষারস্নানে। দার্জিলিং সহ উঁচু পাহাড়ি অঞ্চলে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
সান্দাকফু, ঘুম ও চটকপুরের মতো উচ্চভূমিতে তুষারের সাদা চাদর নামতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের পারদ কিছুটা বাড়তে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ায় সাময়িক বাধা পড়ছে। দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস, ফলে শীতের তীব্রতা কিছুটা কমে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। আগামী ২ থেকে ৩ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাতের পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। জানুয়ারির প্রথম কয়েক দিনে তা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
তবে উষ্ণতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট। বর্ষবরণের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সকালে অল্প সময়ের জন্য হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে কলকাতার কিছু অংশ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা। নতুন বছরের প্রথম দিন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কুয়াশার ঘনঘটা বেশি থাকতে পারে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলির জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে কুয়াশার ঘনত্ব এতটাই বাড়তে পারে যে দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটারে।
সব মিলিয়ে মোটের উপর নতুন বছরের শুরুতে বাংলার আবহাওয়া যেন দুই মেরুর গল্প বলছে উত্তরে তুষারের আমেজ, দক্ষিণে কুয়াশার চাদর। বর্ষবরণে তাই বাইরে বেরোলে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications