টোকিওয় অধরা সোনা! জেরেভের কাছে সিঙ্গলসে হারার পর মিক্সড ডাবলস থেকেও জকোভিচের বিদায়
টোকিও অলিম্পিকে আজ হতাশাজনক দিন কাটল বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের। সিঙ্গলসের শীর্ষ বাছাই এদিন প্রথম হেরে যান সেমিফাইনালে। তারপর মিক্সড ডাবলসের সেমিফাইনালেও পরাস্ত হলেন সার্বিয়ান কিংবদন্তি। রাশিয়ান অলিম্পিক কমিটির আসলান করাতসেভ ও এলেনা ভেসনিনা জুটি সার্বিয়ার জোকিভচ ও নিনা স্টোজানোভিক জুটিকে সেমিফাইনালে হারাল ৭-৬, ৭-৫ সেটে।

গোল্ডেন স্ল্যাম অধরাই
১৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচের সামনে এবার সুযোগ ছিল গোল্ডেন স্ল্যাম নিশ্চিত করার। একই বছরে চারটি মেজর বা গ্র্যান্ড স্ল্যাম খেতাব, সঙ্গে অলিম্পিক সোনা জিতলে তাকে বলা হয়ে যাতে গোল্ডেন স্ল্যাম। ১৯৮৮ সালে যে নজির একমাত্র গড়তে পেরেছিলেন স্টেফি গ্রাফ। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন জিতে অলিম্পিকে এসেছিলেন বিশ্বের ১ নম্বর তারকা নোভাক জকোভিচ। তিনিই ছিলেন সিঙ্গলসে শীর্ষবাছাই। তবে তাঁর স্টেফি গ্রাফের কীর্তি স্পর্শ করার স্বপ্ন চুরমার করে দিলেন বিশ্বের ৫ নম্বর তারকা জার্মান আলেকজান্দার জেরেভ।
|
স্মরণীয় জয় জেরেভের
এদিন প্রথম সেটটি ৬-১-এ জিতে নিয়েছিলেন জকোভিচ। কিন্তু পরের দুটি সেট জেরেভ জিতে নেন ৬-৩, ৬-১ ব্যবধানে। দেশকে অলিম্পিক থেকে সোনা বা রুপো এনে দেওয়ার হাতছানি এখন চতুর্থ বাছাই জেরেভের সামনে। সেই যাত্রাপথে বিশ্বের সেরা খেলোয়াড়কে হারাতে পেরে উচ্ছ্বসিত জার্মানির এই টেনিস তারকা। ২০১৮ সালের নিট্টো এটিপি ফাইনালসের চ্যাম্পিয়নশিপে শেষবার জকোভিচকে হারিয়েছিলেন জেরেভ। তারপর থেকে একবারও পারেননি। পারলেন একেবারে অলিম্পিকের আসরে।

জকোভিচই শ্রেষ্ঠতম
জেরেভ বলেন, আমি জানতাম জকোভিচ ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছেন। গোল্ডেন স্ল্যাম নিশ্চিত করতে অলিম্পিকে সোনা জেতা তাঁর লক্ষ্য ছিল। ফলে আমি জিততে পেরে যেমন ভালো লাগছে, তেমনই জকোভিচের মনের অবস্থাটাও বুঝতে পারছি। তাঁকে বলেছি, আপনিই সর্বকালের শ্রেষ্ঠতম এখনও এবং ভবিষ্যতেও থাকবেন। সোনা জেতার লক্ষ্যে জেরেভ খেলবেন রাশিয়ান অলিম্পিক কমিটির কারেন খচানভের বিরুদ্ধে। স্পেনের পাবলো ক্যারেনো বুস্তাকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে সিঙ্গলস ফাইনালে উঠেছেন তিনি। জকোভিচ বুস্তার বিরুদ্ধে খেলবেন ব্রোঞ্জ মেডেল ম্যাচ।












Click it and Unblock the Notifications